দেশের ওটিটি অঙ্গনের জনপ্রিয় চরিত্র ‘অ্যালেন স্বপন’ ফিরছে নতুন অধ্যায় নিয়ে। চরকি অরিজিনাল সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর তৃতীয় সিজনে এবার নাসির উদ্দিন খানের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। আগের দুই সিজনে তার জায়গায় ছিলেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।
২০২২ সালে ‘সিন্ডিকেট’ সিরিজের মাধ্যমে প্রথমবার দর্শকের সামনে আসে অ্যালেন স্বপন চরিত্রটি। চরিত্রটিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান নাসির উদ্দিন খান। পরে এই চরিত্রকে কেন্দ্র করেই নির্মাতা শিহাব শাহীন তৈরি করেন আলাদা সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। সেটিও দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলে। গত বছর মুক্তি পায় সিরিজটির দ্বিতীয় সিজন। এবার সেই ধারাবাহিকতায় নির্মিত হচ্ছে তৃতীয় সিজন।
নতুন সিজনের শুটিং ইতোমধ্যে শুরু হয়েছে। বরাবরের মতো নাম ভূমিকায় থাকছেন নাসির উদ্দিন খান। তবে আগের দুই সিজনে শায়লা চরিত্রে অভিনয় করা রাফিয়াত রশিদ মিথিলাকে এবার দেখা যাবে না। তার পরিবর্তে যুক্ত হয়েছেন সাদিয়া জাহান প্রভা।
বিষয়টি নিয়ে নির্মাতা শিহাব শাহীন চুক্তিগত বাধ্যবাধকতার কথা উল্লেখ করে চরকির নিজস্ব জনসংযোগ বিভাগ থেকে তথ্য জানার পরামর্শ দেন। পরে চরকির একটি বিশ্বস্ত সূত্র প্রভার যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
মিথিলা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণা বিজ্ঞানী হিসেবে যোগ দেওয়ার পাশাপাশি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে শিক্ষকতা শুরু করেছেন। এসব ব্যস্ততার কারণে দেশে ফিরে সিরিজটির শুটিংয়ে অংশ নেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না। এ কারণেই শায়লা চরিত্রের জন্য প্রভাকে বেছে নিয়েছেন নির্মাতা।
চলতি মাসের শেষ দিকে প্রভার শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে সিরিজটির শুটিং শেষ হওয়ার পরিকল্পনা রয়েছে। নাসির উদ্দিন খান ও সাদিয়া জাহান প্রভা ছাড়াও এতে অভিনয় করবেন সালাহউদ্দিন লাভলু, জয়রাজ, ফারজানা ছবি প্রমুখ।
সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর তৃতীয় সিজন।