খুলনা নগরের যশোর রোডে রেলস্টেশনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির মুখে আবারও কালি লেপে দেওয়া হয়েছে। এর আগে একই প্রতিকৃতিতে কালি লাগানোর পর নতুন করে আঁকা হয়েছিল। সেই ঘটনার ১৬ দিনের মাথায় আবারও প্রতিকৃতিটি বিকৃত করার ঘটনা ঘটল।
আজ রোববার সকালে স্থানীয় লোকজনের নজরে আসে বিষয়টি। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
আজ দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, যশোর রোডের পাশে রেলস্টেশনের দেয়ালে জুলাই গণ–অভ্যুত্থান, ষাটগম্বুজ মসজিদ, পাটশিল্প, সুন্দরবনের গ্রাফিতির পাশাপাশি চিত্রশিল্পী এস এম সুলতান, কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কবি মাইকেল মধুসূদন দত্ত ও আচার্য প্রফুল্ল চন্দ্র রায়সহ বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি আঁকা আছে। এর মধ্যে এস এম সুলতান ও কাজী নজরুল ইসলামের প্রতিকৃতির মাঝখানে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি। শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের মুখমণ্ডল কালিতে ঢেকে দেওয়া হয়েছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন প্রথম আলোকে বলেন, সম্ভবত গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটেছে। আজ দুপুর ১২টার দিকে বিষয়টি জানতে পেরে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। আগেরবার প্রতিকৃতিতে কালি লাগানোর ঘটনায় কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। পুলিশ নিজেদের মতো করে বিষয়টি খতিয়ে দেখেছে। আগের ঘটনার সঙ্গে এবারের ঘটনার কোনো যোগসূত্র আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে ৬ নভেম্বর রবীন্দ্রনাথের প্রতিকৃতির মুখে কালি লাগানো এবং পাশে দুটি পোস্টার দেখতে পান স্থানীয় লোকজন। পোস্টার দুটিতে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা’ শিরোনাম ছিল। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও সংস্কৃতিকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন।
ঘটনার পর ৭ নভেম্বর খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি প্রতিকৃতিতে কালি লেপন ও বিরূপ বক্তব্যসংবলিত পোস্টার লাগানোর নিন্দা জানান। পরে তাঁর উদ্যোগে শিল্পী মো. রেজাউল করিম (রেজা) প্রতিকৃতিটি নতুন করে আঁকেন।
নজরুল ইসলাম মঞ্জু সেদিন বলেছিলেন, একটি ছবি মুছে দিয়ে একজন মানুষকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। দেয়ালচিত্রগুলো অক্ষত রাখতে পুলিশি টহল জোরদার করা হবে বলেও জানিয়েছিলেন তিনি।
৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে যশোর রোডের পাশে রেলস্টেশনের দেয়ালে দেশের বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি এবং খুলনার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে বিভিন্ন দেয়ালচিত্র আঁকা হয়।
এর আগে গত ১০ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দিতে গেলে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াসসহ চারজনকে আটক করে পুলিশ।