বাগেরহাটের মোংলা ও রামপাল এলাকার যেসব ব্যক্তি গোপালগঞ্জে গিয়ে বিশৃঙ্খলায় জড়িয়েছেন, তাঁদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নিষিদ্ধ কোনো দলকে বিএনপির কেউ সহযোগিতা করলে তাঁকেও ছাড় দেওয়া হবে না।
শনিবার (২১ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলা পৌর ও উপজেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোপালগঞ্জের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা
শেখ ফরিদুল ইসলাম বলেন, ৫ আগস্টের পর থেকে মোংলা, রামপালসহ দক্ষিণাঞ্চলের মানুষ শান্তিতে বসবাস করছিলেন। কিন্তু আওয়ামী লীগের কিছু অতি উৎসাহী নেতাকর্মী নতুন করে নাশকতার পথ বেছে নিয়েছে। তাদের ধারণা, শেখ হাসিনা দেশে ফিরবেন এবং তারা আবার ক্ষমতায় যাবে। এমন স্বপ্ন থেকেই তারা নতুন করে বিশৃঙ্খলা ও নাশকতা চালাচ্ছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে বিমান ও হেলিকপ্টারে ভারতে আশ্রয় নিয়েছেন। গত কয়েক দিন ধরে গোপালগঞ্জে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। তাদের উদ্দেশ্য ছিল, বিএনপি যেন তাদের পাতা ফাঁদে পা দেয়। তবে বিএনপি কোনো রক্তপাতের পথে যায়নি।
প্রতিমন্ত্রী বলেন, এসব ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে তাঁদের আইনের আওতায় আনা হবে।
বিএনপিতে সুবিধাবাদীদের প্রশ্রয় দেওয়া হবে না
বিএনপির অভ্যন্তরীণ রাজনীতি প্রসঙ্গে শেখ ফরিদুল ইসলাম বলেন, অতীতে দলের অনেক নেতা ফ্যাসিস্টদের সঙ্গে আঁতাত করে রাজনীতি করেছেন। সেই সুযোগ আর দেওয়া হবে না। সুবিধাবাদী রাজনীতির দিন শেষ। দলের মধ্যে থাকা দালাল, ধান্ধাবাজ ও বাটপারদের কোনো প্রশ্রয় দেওয়া হবে না।
তিনি বলেন, তাঁরা চান না কোনো মানুষ আক্রান্ত হোক। সবাই যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন, সেটিই তাঁদের প্রত্যাশা।
প্রতিমন্ত্রী আরও বলেন, একবার যারা পালিয়ে যায়, তারা আর কখনো জনগণের মাঝে আসতে পারে না। বিএনপি কখনো পালিয়ে যায়নি। ১৭ বছর ধরে নির্যাতন, গুম ও খুন উপেক্ষা করে দলটি রাজপথে ছিল।
তিনি দাবি করেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে এবং কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেনি। বিগত সরকার নাশকতামূলক কর্মকাণ্ডের কারণে দলটিকে নিষিদ্ধ করেছে। তাঁর ভাষায়, ফ্যাসিস্টের দোসররাই বারবার লাশের রাজনীতি করেছে।
বৃষ্টিতে ভিজেও বিক্ষোভে নেতাকর্মীদের অংশগ্রহণ
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এতে বিএনপির কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে প্রতিমন্ত্রীসহ নারী-পুরুষ নেতাকর্মীরা মিছিলে যোগ দেন।
সমাবেশে আরও বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার এবং সাধারণ সম্পাদক আবু হোসেন পনি।