ন্যূনতম মজুরি নির্ধারণসহ বিভিন্ন দাবিতে সাভার ও আশুলিয়ার পোশাক শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকালে কারখানায় প্রবেশ করেও কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন শ্রমিকেরা। এতে অন্তত ৫০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ রাখা হয়েছে ১১টি কারখানা।
শনিবার দুপুর ১টার দিকে খুদে বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া।
শিল্পাঞ্চল পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, শনিবার সকালে সাভার-আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকেরা স্বাভাবিক নিয়মে প্রবেশ করেন এবং উৎপাদন কার্যক্রম শুরু হয়। তবে আশুলিয়ার নরসিংহপুর এলাকার হা-মীম ও শারমীন গ্রুপের কারখানায় প্রবেশের পর কর্মবিরতি শুরু করেন শ্রমিকেরা।
কাজের সময় পরিবর্তন নিয়ে অসন্তোষ
শ্রমিকদের অভিযোগ, তাদের না জানিয়েই কাজ শুরুর নির্ধারিত সময় সকাল ৮টার পরিবর্তে সকাল ৭টা করা হয়। এর প্রতিবাদে শ্রমিকেরা কারখানায় বায়োমেট্রিক পাঞ্চ করে প্রবেশ করলেও কাজে যোগ দেননি।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কারখানা কর্তৃপক্ষ তাৎক্ষণিক ছুটি ঘোষণা করে। পাশাপাশি আগামী রোববার থেকে আবারও সকাল ৮টায় কাজ শুরু করার আশ্বাস দেওয়া হয়।
এ ঘটনার পর আশপাশের আরও কয়েকটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় সেসব কারখানাতেও ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
বিক্ষোভে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড
এদিকে শনিবার বেলা পৌনে ১১টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকার একটি সচল পোশাক কারখানার সামনে একদল শ্রমিক অবস্থান নিয়ে বিক্ষোভের চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, কাঠগড়া এলাকায় কিছু বিশৃঙ্খলাকারী সচল কারখানার সামনে গিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেছিল। পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের সরিয়ে দেয়।
তিনি আরও জানান, কয়েকটি কারখানায় উত্তেজনা এবং অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হলেও সামগ্রিকভাবে শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্ত রয়েছে। অনেক কারখানায় স্বাভাবিক নিয়মেই উৎপাদন কার্যক্রম চলছে।
অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।