কনুইয়ের চোটের কারণে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট থেকে ছিটকে পড়েন পেসার হাসান মাহমুদ। এবার আরও একটি দুঃসংবাদ পেল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। কুঁচকির চোটের কারণে সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেলেন তিনি।
শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুশফিকের ছিটকে যাওয়ার বিষয়টি জানিয়েছে।
চোট নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেছেন, ‘প্রথম টেস্ট চলাকালে বাঁ দিকের কুঁচকিতে তীব্র ব্যথার কথা জানান মুশফিক। ম্যাচ শেষে তার এমআরআই করানো হলে পেলভিসের হাড়ের আশপাশে প্রদাহ ও অস্বস্তির বিষয়টি ধরা পড়ে।’
তিনি আরও বলেন, ‘চোটের অবস্থা সামাল দিতে এবং আরও অবনতি ঠেকাতে মুশফিকের বিশ্রাম ও নির্দিষ্ট পুনর্বাসন প্রক্রিয়া প্রয়োজন। সে কারণে দ্বিতীয় টেস্টে তাকে পাওয়া যাবে না।’
জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। আগামী ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে গড়াবে সিরিজের দ্বিতীয় টেস্ট।