তাহেরীকে সমর্থনের কারণ জানালেন মুফতি মোজাম্মেল হক মাছুমি, সুন্নি ঐক্যের আহ্বান
মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীকে কেন ভালোবাসেন, কেন নির্বাচনে তাঁর পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং একই মাসলাকের না হয়েও তাঁকে সমর্থন করার কারণ কী—এমন নানা প্রশ্নের জবাব দিয়েছেন মুফতি মোজাম্মেল হক মাছুমি।
সম্প্রতি নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এসব বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন। তিনি জানান, তাহেরী সাহেবের সঙ্গে তাঁর মাসলাকি মিল না থাকলেও জাতীয় ও ধর্মীয় স্বার্থ বিবেচনায় তাঁকে সংসদে দেখতে চেয়েছিলেন।
স্ট্যাটাসে মাছুমি বলেন, নির্বাচনের সময় তিনি বারবার বোঝানোর চেষ্টা করেছেন, কেন তাহেরী সাহেবের সংসদে যাওয়া জরুরি ছিল। তাঁর বিশ্বাস, সংসদে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি উত্থাপনের ক্ষেত্রে তাহেরী সাহেব আরও জোরালো ভূমিকা রাখতে পারতেন। এ প্রসঙ্গে তিনি সংসদ সদস্য এমপি হানজালার উত্থাপিত দাবির কথাও উল্লেখ করেন।
তবে তাঁর অভিযোগ, মুসলমান পরিচয়ধারী কিছু দলকানা রাজনৈতিক নেতা, পীর ও তাঁদের অনুসারীদের বিষয়টি বোঝাতে পারেননি। বরং নির্বাচনের সময় কিছু উগ্রবাদী কর্মী ও অন্ধ সমর্থক নিজেদের খাঁটি মুসলিম ও সুন্নি দাবি করে মানুষের কাছে তাঁকে ভুলভাবে উপস্থাপন করেছেন এবং তাঁর বিরোধিতায় নেতাকর্মীদের উসকে দিয়েছেন।
তিনি আরও অভিযোগ করেন, তাঁকে বিরোধিতা করতে গিয়ে রমজান মাসে দারুল কিরাতে বাধা সৃষ্টি, মাহফিলে ১৪৪ ধারা জারি করানোসহ বিভিন্নভাবে তাঁকে থামানোর চেষ্টা করা হয়েছে।
স্ট্যাটাসের শেষাংশে দেশবাসী ও সুন্নি জনতার প্রতি ঐক্যের আহ্বান জানিয়ে মুফতি মোজাম্মেল হক মাছুমি বলেন, ইসলাম, মুসলমান ও সুন্নিয়াতের স্বার্থে নিজেদের মধ্যে বিভেদ না বাড়িয়ে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। তাঁর মতে, সবকিছুর ঊর্ধ্বে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ইজ্জত ও সম্মান রক্ষা করা প্রত্যেকের দায়িত্ব।
তিনি মাসলাকগত মতপার্থক্য ও বিভেদ ভুলে মৌলিক ধর্মীয় দাবি আদায় এবং নবীজির আদর্শ বাস্তবায়নে দেশ ও জাতির কল্যাণে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, মুফতি মোজাম্মেল হক মাছুমি তাঁর ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসে এসব বক্তব্য তুলে ধরেছেন।