আড়াই বছর পর বর্ণী ইউনিয়ন পরিষদে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি লাগালেন ছাত্রলীগের নেতাকর্মীরা।”
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণী ইউনিয়ন পরিষদে দীর্ঘ আড়াই বছর পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙিয়েছেন বর্ণী ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার (১৮ নভেম্বর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙানোর এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া ছাত্রলীগের জাফরান শিকদার, টুঙ্গিপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আকাশ শেখ, বর্ণী ইউনিয়ন ছাত্রলীগের মহিবুল আরমান মুন্সী, ছাত্রলীগ নেতা সোহানসহ স্থানীয় নেতাকর্মীরা।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, দীর্ঘ আড়াই বছর পর বর্ণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙানো হয়েছে। তাঁদের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
এ সময় নেতাকর্মীদের কণ্ঠে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’—এমন বিভিন্ন স্লোগান শোনা যায়।
স্লোগানে মুখরিত পরিবেশে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙানোর মধ্য দিয়ে কর্মসূচি শেষ করেন উপস্থিত নেতাকর্মীরা।