জামালগঞ্জের মানুষের পাশে থেকে সামাজিক পরিবর্তনে ভূমিকা, উপজেলা নির্বাচনে এনসিপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হাসান আল মাসুম
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার কলেজ রোড এলাকার বাসিন্দা হাসান আল মাসুম । শিক্ষাজীবন থেকে শুরু করে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে নিজেকে গড়ে তুলেছেন একজন সমাজ সচেতন তরুণ হিসেবে । দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক উদ্যোগের সঙ্গে যুক্ত থেকে এলাকার ইতিবাচক পরিবর্তনে কাজ করে যাচ্ছেন তিনি । আসন্ন ২১ জানুয়ারি ২০২৭ সালের উপজেলা নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন হাসান আল মাসুম।
হাসান আল মাসুমের শিক্ষাজীবন শুরু হয় নিজ উপজেলা জামালগঞ্জে । মাধ্যমিক পর্যায়ের পড়াশোনা জামালগঞ্জে শেষ করার পর সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। পরবর্তীতে সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
শিক্ষাজীবনের পাশাপাশি ছাত্র জীবন থেকেই বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি । সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো, তরুণদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে কাজ করার আগ্রহ থেকেই ২০১৯ সালে ‘রাঙা প্রভাত’ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন । প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটির মাধ্যমে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন তিনি।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে জামালগঞ্জের আন্দোলন সংগঠিত করা এবং সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়ার কথাও জানিয়েছেন হাসান আল মাসুম । ওই সময় আন্দোলনে অংশগ্রহণকারী তরুণদের সংগঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে জানান।
এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানে জামালগঞ্জের শহিদ সোহাগের পরিবারের পাশে দাঁড়িয়েছেন তিনি । পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশের পাশাপাশি বিভিন্ন ধরনের সহযোগিতা নিয়ে পাশে থাকার চেষ্টা করেছেন বলে জানান হাসান আল মাসুম।
স্থানীয় পর্যায়ে সামাজিক কর্মকাণ্ড, সাংগঠনিক অভিজ্ঞতা এবং তরুণদের সঙ্গে সম্পৃক্ততাকে সামনে রেখে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করছেন তিনি।
আসন্ন ২১ জানুয়ারি ২০২৭ সালের নির্বাচনকে কেন্দ্র করে জামালগঞ্জের মানুষের কাছে নিজের অবস্থান ও প্রত্যাশার কথা তুলে ধরছেন হাসান আল মাসুম । তার প্রত্যাশা, এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচিত হতে পারলে জামালগঞ্জের সার্বিক উন্নয়ন, জনকল্যাণ এবং সামাজিক ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার সুযোগ পাবেন।