জামালগঞ্জে কৃষকদের আপত্তি উপেক্ষা করে পিআইসি বাঁধ কেটে মাছ আহরণের অভিযোগ, বোরো আবাদ নিয়ে শঙ্কা
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার দুর্লভপুর গ্রামে কৃষকদের আপত্তি উপেক্ষা করে পিআইসি বাঁধ কেটে ছন্নারচর হাওরের পানি নিষ্কাশন করে মাছ আহরণের অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা মোঃ নুরুল মিয়ার বিরুদ্ধে। প্রায় তিন মাস ধরে বাঁধ কেটে পানি নিষ্কাশনের মাধ্যমে মাছ আহরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষকেরা। এতে আসন্ন বোরো মৌসুমে বীজতলা তৈরি ও জমিতে ধানের চারা রোপণের জন্য প্রয়োজনীয় পানির সংকট দেখা দেওয়ার আশঙ্কা করছেন তাঁরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সরেজমিনে দুর্লভপুর গ্রামে গিয়ে দেখা যায়, সুরমা নদীর মুখসংলগ্ন এলাকায় ছন্নারচর হাওরের পানি নিষ্কাশনের জন্য পিআইসি বাঁধ কেটে রাখা হয়েছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, প্রায় তিন মাস ধরে এভাবে পানি নিষ্কাশন করে মাছ আহরণ করা হচ্ছে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, চার দিন আগে গ্রামের কৃষকদের বাধার মুখে পানি নিষ্কাশন বন্ধ করে বাঁধ ভরাট করতে বাধ্য হন সংশ্লিষ্ট ব্যক্তি। কৃষকদের দাবি ছিল, বোরো ধানের বীজতলা তৈরি ও বীজ বপনের জন্য অন্তত আরও ১৫ থেকে ২০ দিন হাওরের পানি সংরক্ষণ করতে হবে। কিন্তু তাঁদের অভিযোগ, সেই দাবি উপেক্ষা করে আবারও বাঁধ কেটে পানি নিষ্কাশন করে মাছ আহরণ করা হচ্ছে।
এ বিষয়ে দুর্লভপুর গ্রামের সাবেক ইউপি সদস্য আনোয়ার মিয়া নুরুল মিয়ার পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, " বাঁধ কেটে পানি নিষ্কাশনের ফলে কৃষকদের ক্ষতি হবে না, বরং বীজতলার জন্য উপকার হবে। দ্রুত পানি নেমে গেলে বীজতলায় বীজ বপন করা সহজ হবে। বোরো জমিতে পানি প্রয়োজন হলে ছন্নারচর হাওরের ওপরের অংশের অন্যান্য হাওর থেকে পানি নিষ্কাশনের মাধ্যমে সেই চাহিদা পূরণ করা সম্ভব হবে। তিনি আরও জানান, পিআইসি বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ ভরাট এবং খালে পলি জমে যাওয়া অংশ খননের কাজ নুরুল মিয়া নিজ খরচে করে দেবেন। "
তবে এ বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন স্থানীয় কৃষকেরা।
দুর্লভপুর গ্রামের কৃষক আইনুল হক বলেন, " প্রায় তিন মাস ধরে বাঁধ কেটে মাছ আহরণ করা হলেও কিছুদিন আগে কৃষকদের বাধার মুখে পানি নিষ্কাশন বন্ধ করা হয়েছিল। আমাদের দাবি ছিল, আগে বোরো ধানের বীজ বপন করতে দেওয়া হোক। এরপর ১৫ থেকে ২০ দিন পর পানি ছেড়ে দিলে আমাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু আমাদের কথা না রেখেই আবারও পিআইসি বাঁধ কেটে পানি নিষ্কাশন করে মাছ আহরণ করা হচ্ছে। এতে হাজারো কৃষক বোরো জমিতে ধানের চারা রোপণের সময় পানির সংকটে পড়বেন। "
একই গ্রামের কৃষক আব্দুর রহিম বলেন, " এখনই বীজতলায় প্রয়োজনীয় পানি পাওয়া যাচ্ছে না। এভাবে বাঁধের পানি নিষ্কাশন করা হলে বোরো মৌসুমে জমি রোপণের সময় পানির সংকট আরও বাড়বে। আমরা ১৫ থেকে ২০ দিন পানি না ছাড়ার অনুরোধ করেছিলাম। কিন্তু আমাদের সঙ্গে কোনো আলোচনা না করেই পানি নিষ্কাশন করা হচ্ছে। এতে আমরা খুবই অসহায় হয়ে পড়েছি। "
কৃষক মোঃ রফিক মিয়া বলেন, " ছন্নারচর হাওরের অনেক বীজতলা পানির অভাবে শুকিয়ে ফেটে যাচ্ছে। এখন মানুষ বীজ বপন শুরু করেছে। এ সময় বাঁধ কেটে পানি নিষ্কাশন করা হলে বোরো ধান রোপণের সময় জমিতে প্রয়োজনীয় পানি পাওয়া যাবে না। পানি কমে গেলে অন্য হাওর কিংবা সুরমা নদী থেকেও পানি সংগ্রহ করা কঠিন হবে। আমরা অনেক বাধা দিয়েও কোনো সমাধান পাইনি। উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে পানি নিষ্কাশন বন্ধ করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। "
অভিযোগের বিষয়ে মোঃ নুরুল মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, " আমি মাদ্রাসা থেকে ১ লাখ ৯০ হাজার টাকা এনেছি। ভাসা মাছ আহরণ করে বিক্রি করব। এ বিষয়ে উপজেলা প্রশাসনের কোনো অনুমোদন নেই নি । কোনো কৃষকও আমাকে বাঁধ কেটে মাছ আহরণ করতে নিষেধ করেন নি । ছন্নারচর হাওরের বিল মালিকেরা আমাকে মাছ আহরণ করতে বলেছেন। তাদেরও বিল শুকিয়ে মাছ ধরার সুযোগ হবে। এতে কৃষকদেরও উপকার হবে। দ্রুত পানি নেমে গেলে বীজতলা ও জমি ভেসে উঠবে। "
বাঁধ কেটে মাছ আহরণ শেষে তা মেরামত করবেন কি না, জানতে চাইলে নুরুল মিয়া বলেন, " মাছ আহরণের পর বাঁধ ঠিক করা তাঁর কাজ নয় । " দীর্ঘদিন পানি নিষ্কাশনের ফলে কৃষকদের ক্ষতি হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, " এতে কৃষকদের কিছুটা ক্ষতি হতে পারে। "
এ বিষয়ে বক্তব্য জানতে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদকের কার্যালয়ে গিয়ে তাঁকে পাওয়া যায় নি । পরে উনার হোয়াটসঅ্যাপে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেন নি । পরবর্তীতেও উনার পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয় নি।