প্রিন্ট এর তারিখ : ১৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬
রপ্তানি নথিতে জালিয়াতির আশঙ্কা, রপ্তানিকারকদের সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
চেকপোস্ট নিউজ, ||
রপ্তানি বাণিজ্যে সাইবার জালিয়াতির ঝুঁকি বাড়ায় দেশের রপ্তানিকারকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশেষ করে রপ্তানি নথিপত্রে কারসাজি এবং অর্থ পরিশোধের নির্দেশনায় প্রতারণামূলক পরিবর্তনের মাধ্যমে জালিয়াতির আশঙ্কার কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।এ ধরনের প্রতারণা প্রতিরোধে নিরাপদ যোগাযোগমাধ্যমে রপ্তানি নথি আদান-প্রদান, ব্যাংক হিসাবের তথ্য পরিবর্তন যাচাই এবং সন্দেহজনক লিংক ও অ্যাপ্লিকেশন ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-১ থেকে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে রপ্তানিকারকদের জন্য এসব সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়েছে।রপ্তানি নথিতে কারসাজির ঝুঁকিবাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক গণমাধ্যমের প্রতিবেদন ব্যবসায়িক যোগাযোগে, বিশেষ করে ইলেকট্রনিক মাধ্যমে তথ্য ও নথিপত্র আদান-প্রদানের ক্ষেত্রে সাইবার জালিয়াতির ঝুঁকির বিষয়টি সামনে এনেছে।এ ধরনের প্রতারণার মধ্যে রপ্তানি নথিপত্রে কারসাজি এবং অর্থ পরিশোধের নির্দেশনায় অননুমোদিত পরিবর্তন অন্যতম।এ পরিস্থিতিতে বিদেশি ক্রেতাদের কাছে সরাসরি রপ্তানি নথিপত্র পাঠানোর সময় বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নথিপত্র আটকে দেওয়া কিংবা সেগুলোতে অননুমোদিত পরিবর্তনের ঝুঁকি কমাতে নিরাপদ যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।ব্যাংক হিসাব পরিবর্তনে বিশেষ সতর্কতাবাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ক্রেতা বা বিক্রেতার ব্যাংক হিসাবের বিবরণ কিংবা অর্থ পরিশোধের নির্দেশনায় কোনো পরিবর্তন এলে তা যাচাই ছাড়া কার্যকর করা যাবে না।এ ধরনের পরিবর্তনের সত্যতা আগে থেকে প্রতিষ্ঠিত যোগাযোগমাধ্যম ব্যবহার করে স্বাধীনভাবে নিশ্চিত হতে হবে। অর্থাৎ ই-মেইল বা অনলাইন বার্তার মাধ্যমে ব্যাংক হিসাব পরিবর্তনের তথ্য পেলেই তা গ্রহণ না করে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিশ্চিত হতে হবে।সন্দেহজনক লিংক ও অ্যাপ ব্যবহার না করার পরামর্শসাইবার জালিয়াতি থেকে নিরাপদ থাকতে সন্দেহজনক কোনো লিংকে প্রবেশ না করা এবং যাচাইবিহীন অ্যাপ্লিকেশন ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।একই সঙ্গে পাসওয়ার্ড, পিন কিংবা এককালীন পাসওয়ার্ড (ওটিপি) চাওয়া হলে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।জালিয়াতির ঘটনা ঘটলে দ্রুত ব্যাংককে জানানোর নির্দেশবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো ধরনের সন্দেহজনক জালিয়াতি, অর্থ পরিশোধের নির্দেশনায় অননুমোদিত পরিবর্তন কিংবা রপ্তানি নথিপত্রে কারসাজির ঘটনা নজরে এলে তা অবিলম্বে সংশ্লিষ্ট অনুমোদিত ডিলার ব্যাংককে জানাতে হবে।পাশাপাশি অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে যথাযথ যোগাযোগমাধ্যম ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের এই সতর্কতামূলক নির্দেশনা রপ্তানিকারকদের মধ্যে প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে।রপ্তানি বাণিজ্যে আর্থিক লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাইবার প্রতারণার ঝুঁকি কমাতেই কেন্দ্রীয় ব্যাংকের এ উদ্যোগ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত