প্রিন্ট এর তারিখ : ১০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬
খুলনা বিভাগীয় বই মেলা উদ্ধোধন উপলক্ষ্যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
মোঃ রবিউল হোসেন খান,, ষ্টাফ রিপোর্টার:: ||
জ্ঞানভিত্তিক সমাজ ও আলোকিত জাতি গঠনে বই পড়ার অভ্যাস বাড়ানোর লক্ষ্যে খুলনায় শুরু হচ্ছে ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলা। নগরীর বয়রায় বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মেলায় থাকছে ৯০টি স্টলসহ নানা সাংস্কৃতিক ও শিক্ষামূলক আয়োজন।আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় খুলনা বিভাগীয় বইমেলার উদ্বোধন করা হবে। মেলা চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত।বইমেলা উপলক্ষে সোমবার (৯ নভেম্বর) বিকেলে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন।প্রেস কনফারেন্সে বিভাগীয় কমিশনার বলেন, জ্ঞানমনস্ক ও আলোকিত জাতি গঠনে বই পড়ার কোনো বিকল্প নেই। সাধারণ মানুষের মধ্যে পাঠাভ্যাস বৃদ্ধি এবং জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণই এ বইমেলার মূল লক্ষ্য। এ উদ্দেশ্য সামনে রেখে সরকার দেশব্যাপী বিভাগীয় পর্যায়ে সৃজনশীল বইমেলার আয়োজন করেছে। এরই ধারাবাহিকতায় খুলনায় এ বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।তিনি আরও বলেন, বই পড়ার মাধ্যমে মানুষের মনে আনন্দ, বেদনা, কাব্যিক ও দার্শনিক ভাবনার জন্ম হয়। বই কর্মব্যস্ত দিনের ক্লান্তি দূর করার পাশাপাশি নানা বিষয়ে জ্ঞান অর্জনে সহায়তা করে।প্রেস কনফারেন্সে জানানো হয়, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত বইমেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। তবে সরকারি ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।মেলায় প্রতিদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বরচিত কবিতা পাঠ এবং শিশু-কিশোরদের জন্য কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা। মেলাকে প্রাণবন্ত করতে 'সাংস্কৃতিক ও নৈতিকতা', 'মানবতা ও বিশ্বশান্তি' এবং 'বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্র' বিষয়ে তিন দিনে তিনটি সেমিনারের আয়োজন করা হয়েছে।এ ছাড়া মেলা থেকে বই কেনা পাঠকদের জন্য প্রতিদিন কুপনের মাধ্যমে তিনজনকে পুরস্কৃত করার ব্যবস্থা রাখা হয়েছে।এবারের বইমেলায় মোট ৯০টি স্টল থাকছে। এর মধ্যে ঢাকা থেকে আগত প্রকাশনীগুলোর জন্য ৭১টি এবং বিভাগীয় ও জেলা অফিসের জন্য ৯টি স্টল বরাদ্দ রয়েছে। পাশাপাশি পুলিশ কন্ট্রোল রুম, তথ্যকেন্দ্র, নার্সারি, পাঠক আড্ডা ও গণমাধ্যমকর্মীদের জন্য একটি করে স্টল থাকবে। এ ছাড়া খাবারের জন্য থাকবে পাঁচটি স্টল। প্রকাশনীগুলো তাদের নিজস্ব বই প্রদর্শন ও বিক্রি করবে।প্রেস কনফারেন্সে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে, বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় এবং সৃজনশীল প্রকাশনীর সহযোগিতায় এ বইমেলা অনুষ্ঠিত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত