প্রিন্ট এর তারিখ : ০৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬
বাধা-উত্তেজনা পেরিয়ে নারায়ণপুরে তাহেরীর মাহফিল, বার্তা দিলেন ‘উগ্রতাকে লাল কার্ড, সম্প্রীতিকে ইয়েস কার্ড’
শেখ বেলাল,, স্টাফ রিপোর্টার:: ||
বাধা, বিরোধিতা ও পাল্টা মাহফিলের ঘোষণাকে ঘিরে সৃষ্ট উত্তেজনার মধ্যেই শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে আলোচিত ইসলামি বক্তা পীর মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীর পূর্বনির্ধারিত মাহফিল। বৃহস্পতিবার (৫ নভেম্বর) নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ১২তম বার্ষিক সুন্নী মহাসম্মেলনে তিনি উগ্রতা ও চরমপন্থার বিরুদ্ধে অবস্থান নেওয়ার পাশাপাশি শান্তি ও সম্প্রীতির বার্তা দেন।আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব গিয়াস উদ্দিন আত-তাহেরীর এই মাহফিলকে কেন্দ্র করে কয়েক দিন ধরেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। স্থানীয় কওমি আলেমদের একটি পক্ষের বিরোধিতা এবং একই স্থানে পাল্টা ইসলামি সম্মেলনের ঘোষণায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।গত ৩ নভেম্বর কাঙ্গালিয়া মাদ্রাসা মাঠে বেলাব থানা হেফাজতের সভাপতি মুফতি আনোয়ার হোসেন চিশতীর পক্ষ থেকে তাহেরীর মাহফিল বন্ধের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে নির্ধারিত স্থানে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে প্রধান অতিথি এবং মুফতি লুৎফর রহমান ফরায়েজীকে বিশেষ অতিথি করে পাল্টা ইসলামি মহাসম্মেলনের ঘোষণা দেওয়া হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলে নানা আলোচনা-সমালোচনা।এমন পরিস্থিতিতে নারায়ণপুরের সাধারণ বাসিন্দা ও মাহফিল আয়োজকেরা সবাইকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। প্রশাসনকে অবহিত করে সার্বিক নিরাপত্তার মধ্য দিয়ে সকাল ৯টা থেকে বাদ আসর পর্যন্ত মাহফিলের কার্যক্রম পরিচালনা করা হয়।আয়োজকদের প্রস্তুতি ও স্থানীয় ভক্ত-অনুসারীদের উপস্থিতিতে শেষ পর্যন্ত নির্ধারিত কর্মসূচি সম্পন্ন হয়। জোহরের নামাজের পর ভৈরব থেকে গাড়িবহর নিয়ে বিপুলসংখ্যক অনুসারীকে সঙ্গে নিয়ে মাহফিলস্থলে পৌঁছান গিয়াস উদ্দিন আত-তাহেরী। সেখানে প্রায় ৩০ মিনিটের বক্তব্যে তিনি ঈমান, ইসলাম ও ওলি-আউলিয়াদের জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন।এ সময় যুবসমাজকে উগ্রতা, প্রতিহিংসা, মাদক ও সন্ত্রাসের পথ পরিহার করে দেশ ও ধর্মের সুরক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। নবীপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সুন্নতি জীবন গঠনের ওপরও গুরুত্বারোপ করেন।মাহফিল শেষে নিজের ফেসবুক আইডিতে ছবি ও ভিডিও প্রকাশ করে দুটি পৃথক পোস্ট দেন তাহেরী। এক পোস্টে তিনি লেখেন, “তাকে বলে দিও আমি এসেছিলাম। ধন্যবাদ নারায়ণপুরবাসীসহ বেলাব, রায়পুরা, নরসিংদী জেলার আপামর সুন্নী জনতাকে। আগামীর প্রত্যেকটা জবাব এভাবেই হবে। ইনশাআল্লাহ।”অন্য পোস্টে তিনি লেখেন, “উগ্রতা ও চরমপন্থাকে লাল কার্ড, শান্তি ও সম্প্রীতিকে ইয়েস কার্ড।”এদিকে মাহফিলে উপস্থিত তাহেরীর ভক্ত ও সুন্নী অনুসারীরা বলেন, তাঁরা শান্তিপ্রিয়। সমাজ ও রাষ্ট্রে কোনো ধরনের অশান্তি সৃষ্টি হোক, তা তাঁরা চান না। সরকার ও প্রশাসন তাঁদের অবস্থান সম্পর্কে অবগত রয়েছে বলেও দাবি করেন তাঁরা। তবে কোনো ধরনের বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করে শান্তিপূর্ণ ধর্মীয় আয়োজন বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেন উপস্থিত অনুসারীরা।বিরোধিতা ও উত্তেজনার পরও মাহফিল অনুষ্ঠিত হওয়াকে কেন্দ্র করে এলাকায় নতুন করে আলোচনা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাহেরীর বক্তব্য ও ফেসবুক পোস্ট নিয়ে চলছে নানা প্রতিক্রিয়া।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত