হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নে চড়া সুদে টাকা ধার দেওয়ার অভিযোগে আলোচনায় এসেছেন স্থানীয় বাসিন্দা সোয়াই মিয়ার ছেলে নানু। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে উচ্চ সুদে টাকা ঋণ দিয়ে ঋণগ্রহীতাদের কাছ থেকে ফাঁকা স্ট্যাম্প ও স্বাক্ষর করা
ব্যাংক চেক নেওয়া হয়। নির্ধারিত সময়ে সুদের টাকা পরিশোধ করতে না পারলে ঋণগ্রহীতাদের ওপর চাপ সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শন, এমনকি মারধরের অভিযোগও উঠেছে। সুদের টাকা পরিশোধ করতে গিয়ে অনেক পরিবার নিঃস্ব হয়েছে। কেউ বিক্রি করেছেন পৈতৃক সম্পত্তি, কেউ হারিয়েছেন বসতভিটা, আবার কেউ বাধ্য হয়েছেন এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে।
স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের অভিযোগ,
ছাতিয়াইন ইউনিয়নের বিভিন্ন গ্রামে দীর্ঘদিন ধরে বিস্তৃত হয়েছে এই দাদন ব্যবসা। ঋণ দেওয়ার সময় গ্রহীতাদের কাছ থেকে ফাঁকা স্ট্যাম্প ও স্বাক্ষর করা
ব্যাংক চেক নেওয়া হয়। পরবর্তী সময়ে সুদের টাকা পরিশোধে বিলম্ব হলে ওই চেকে ইচ্ছামতো টাকার অঙ্ক বসিয়ে মামলা করার ভয় দেখানো হয় বলে অভিযোগ রয়েছে। এমনকি দাবিকৃত টাকা পরিশোধের পরও অনেকের কাছ থেকে নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও চেক ফেরত
দেওয়া হচ্ছে না বলে দাবি করেছেন কয়েকজন ভুক্তভোগী।
চড়া সুদের কারবারের ভয়াবহ পরিণতির একটি উদাহরণ ছাতিয়াইন গ্রামের প্রয়াত আব্দুল কাদিরের পরিবার। স্থানীয় সূত্রে জানা যায়, আঃ হাফিজের ছেলে আব্দুল কাদির ও তাঁর ভাই
আব্দুল আলী একসময় পরিবার নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতেন। ব্যবসায়িক প্রয়োজনে ২০১২ সালে কাদির স্থানীয় নানুর কাছ থেকে দেড় লাখ টাকা সুদে ঋণ নেন। অভিযোগ অনুযায়ী, পরবর্তী চার বছরে সুদে-আসলে ওই ঋণের পরিমাণ বেড়ে দাঁড়ায় প্রায় ৩০ লাখ টাকায়।
বিপুল অঙ্কের সেই টাকা পরিশোধ করতে গিয়ে শেষ পর্যন্ত নিজেদের পৈতৃক বসতভিটা ও জমিজমা বিক্রি
করতে বাধ্য হন কাদির ও তাঁর ভাই।
এতে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়ে। স্থানীয়দের ভাষ্য, সম্পদ হারানো এবং বিপুল অর্থ পরিশোধের মানসিক চাপের মধ্যেই একপর্যায়ে মারা যান আব্দুল কাদির। তবে তাঁর মৃত্যুর সঙ্গে ঋণসংক্রান্ত চাপের কোনো প্রত্যক্ষ সম্পর্ক ছিল কি না, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
কাদিরের মৃত্যুর পর পরিবারটির দুর্ভোগ আরও বেড়ে যায়। বর্তমানে তাঁর তিন ছেলের মধ্যে একজন হোটেলে কাজ করে জীবিকা নির্বাহ করছেন। স্ত্রী নুরজাহান বেগম একটি বীমা কোম্পানিতে চাকরি করে কোনোরকমে সংসার চালাচ্ছেন। অন্যদিকে তাঁর ভাই আব্দুল হালিম ছাতিয়াইন বাজারে সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন।
২০১২ সালের ওই ঋণসংক্রান্ত ঘটনা দীর্ঘ সময় পেরিয়ে গেলেও স্থানীয় মানুষের মুখে মুখে এখনো আলোচিত। তাঁদের মতে, চড়া সুদের কারবারের কারণে একটি পরিবারের আর্থিক ও সামাজিক জীবন
কীভাবে বিপর্যস্ত হতে পারে, এটি তার একটি করুণ উদাহরণ।
শুধু আব্দুল কাদিরের পরিবার নয়, ছাতিয়াইন ও আশপাশের বিভিন্ন
এলাকার আরও অনেক ব্যক্তি নানুর সুদের কারবারের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাঁদের মধ্যে ছাতিয়াইনের সুকুমার সরকার, পৈলাবাড়ি গ্রামের মনিলাল ও তাঁর ভাই,
নাসিরনগর উপজেলার খান্দুরা গ্রামের কালাই মিয়া এবং ধীরেন্দ্র সরকারের নাম উল্লেখ করেছেন স্থানীয়রা।
ভুক্তভোগীদের দাবি, তাঁদের কেউ সুদের টাকা পরিশোধ করতে গিয়ে জমিজমা বিক্রি করেছেন, কেউ হারিয়েছেন বসতভিটা, আবার কেউ পরিস্থিতির কারণে বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে গেছেন। তাঁদের অভিযোগ, ঋণের মূল টাকা ও সুদ পরিশোধের
পরও বিভিন্ন অজুহাতে নতুন করে টাকা দাবি করা হয়।
ভুক্তভোগীদের কয়েকজন জানিয়েছেন, প্রয়োজনে তাঁরা নিজেদের অভিজ্ঞতা, আর্থিক লেনদেনের হিসাব এবং সংশ্লিষ্ট কাগজপত্রসহ প্রকাশ্যে বক্তব্য দিতে প্রস্তুত। তাঁদের দাবি, নিরপেক্ষ তদন্ত হলে অভিযোগগুলোর প্রকৃত চিত্র বেরিয়ে আসবে।
এদিকে এসব ঋণসংক্রান্ত আর্থিক লেনদেনে দলিল লেখক মোস্তফা আলীর সম্পৃক্ততার অভিযোগও উঠেছে। স্থানীয়দের দাবি, নানুর সঙ্গে ঋণসংক্রান্ত লেনদেনের বিভিন্ন স্ট্যাম্প তাঁর মাধ্যমে লেখা হয়েছে। তবে এসব স্ট্যাম্পের প্রকৃতি, শর্ত, ব্যবহার এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রকৃত ভূমিকা তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।
এসব অভিযোগের বিষয়ে মুঠোফোনে নানুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন। তিনি বলেন, কখনো সুদের ব্যবসা করেননি। তবে এ প্রতিবেদকের কাছে
কয়েকটি স্ট্যাম্পের কপি এবং ভুক্তভোগীদের দেওয়া একাধিক অডিও-ভিডিও বক্তব্য রয়েছে। সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ যাচাই করে প্রয়োজনে ধারাবাহিক প্রতিবেদনে সেগুলো প্রকাশ করা হবে।
এ বিষয়ে ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজুল ইসলাম কাসেদ বলেন, “শুধু ছাতিয়াইন নয়, সমাজে এ ধরনের অনেক
সুদি ব্যবসায়ী রয়েছেন। তাঁরা সুদের ব্যবসা করে সমাজটাকে ধ্বংস করে ফেলছেন।”
অন্যদিকে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান জানান, নানুর বিরুদ্ধে কেউ লিখিত অভিযোগ দায়ের করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।
স্থানীয় সচেতন মহলের দাবি, শুধু লিখিত অভিযোগ গ্রহণের মধ্যেই সীমাবদ্ধ না থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের আর্থিক লেনদেনের হিসাব, স্বাক্ষর করা ফাঁকা চেক, স্ট্যাম্প এবং জমি হস্তান্তরের দলিলপত্র যাচাই করে নিরপেক্ষ তদন্ত করতে হবে। একই সঙ্গে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের বক্তব্য ও দাখিল করা
তথ্য-প্রমাণ পর্যালোচনা করে ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রয়োজন।
চড়া সুদের কারবারের অভিযোগে একের পর এক পরিবার নিঃস্ব হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। প্রশ্ন উঠেছে, দীর্ঘদিন ধরে এসব অভিযোগ চলমান থাকলেও কেন ভুক্তভোগীরা কার্যকর প্রতিকার পাচ্ছেন না? অভিযোগগুলোর সত্যতা যাচাই করে দায়ীদের আইনের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ন্যায়বিচার নিশ্চিত করাই এখন স্থানীয়দের প্রত্যাশা।