সুনামগঞ্জে ৮৬ কোটি ৬০ লাখ টাকার সড়ক ও সেতু সংস্কার প্রকল্পে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছে জেলা বিএনপি। বিশ্বম্ভরপুর উপজেলার লালপুর–সালামপুর সেতু ও সংলগ্ন সড়কের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ এনে সাব-ঠিকাদার শফিকুল ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে দলটি। একই সঙ্গে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলকে জড়িয়ে শফিকুল ইসলামের করা অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে বিএনপি।
এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে ২ নভেম্বর ২০২৬ তারিখে সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য উপস্থাপন করে সুনামগঞ্জ জেলা বিএনপি।
লিখিত বক্তব্যে বলা হয়, ২০২২ সালের বন্যায় সুনামগঞ্জ সড়ক বিভাগের ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু ও কালভার্ট জরুরি ভিত্তিতে পুনর্বাসনের প্রকল্পের আওতায় সুনামগঞ্জ-কাচিঁরগাতি-বিশ্বম্ভরপুর সড়কের লালপুর–সালামপুর সেতুর ১ ও ২ নম্বর অংশ এবং প্রায় পাঁচ কিলোমিটার সড়ক সংস্কার ও গার্ডওয়াল নির্মাণের কাজ চলছে। এ প্রকল্পে বরাদ্দ রয়েছে ৮৬ কোটি ৬০ লাখ টাকা।
জেলা বিএনপির দাবি, প্রকল্পটির মূল কাজ পান ঢাকার ঠিকাদার মো. বদরুল ইসলাম। তাঁর ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম ফার্ম ইসলাম ট্রেডার্স। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি দেশ ছেড়ে চলে গেলে প্রথম সাব-ঠিকাদার হিসেবে নিয়োগ পান সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য আজাদ হোসেন। পরবর্তীতে তাঁদের মধ্যে মতবিরোধ দেখা দিলে দ্বিতীয় সাব-ঠিকাদার হিসেবে দায়িত্ব পান শফিকুল ইসলাম। লিখিত বক্তব্যে শফিকুল ইসলামকে বিভিন্ন আইনে একাধিক মামলার আসামি বলেও উল্লেখ করা হয়।
সংসদ সদস্যের পরিদর্শনে উঠে আসে নির্মাণকাজের অভিযোগ
বিএনপির লিখিত বক্তব্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর ২০২৬ তারিখে সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বিশ্বম্ভরপুরের রতারগাঁও হাইস্কুলে একটি অনুষ্ঠান শেষে ফেরার পথে স্থানীয়দের তাৎক্ষণিক দাবির পরিপ্রেক্ষিতে নির্মাণাধীন সড়ক ও সেতুর কাজ পরিদর্শন করেন।
এ সময় এলাকাবাসী তাঁকে নির্মাণকাজে নানা অনিয়মের অভিযোগ জানান। পরিদর্শনে সড়কের সদ্য নির্মিত গার্ডওয়াল একদিকে হেলে পড়া, ব্লক নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহার, মাটি কম্প্যাকশন না করে জিও টেক্সটাইলের ওপর নিম্নমানের ব্লক বসানো এবং ভিট বালুর পরিবর্তে কৃষিজমির মাটি ব্যবহারের বিষয়গুলো দেখা গেছে বলে দাবি করেছে জেলা বিএনপি।
বক্তব্যে আরও বলা হয়, পরিদর্শনের সময় সংসদ সদস্য স্থানীয় ঠিকাদারকে উপস্থিত থাকার অনুরোধ জানান। পাশাপাশি ঠিকাদারের প্রতিনিধিকে নির্বাহী প্রকৌশলীসহ সড়ক বিভাগের কর্মকর্তাদের নিয়ে পরদিন সরেজমিনে কাজ পরিদর্শনের কথা বলেন।
প্রকল্পের ব্যয় ও বিল নিয়ে বিএনপির অভিযোগ
লিখিত বক্তব্যে প্রকল্পের প্রথম সাব-ঠিকাদারের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে বিএনপি নেতারা দাবি করেন, প্রকৃতপক্ষে ৪০ কোটি টাকায় বাস্তবায়নযোগ্য প্রকল্পের ব্যয় ৮৭ কোটি টাকা দেখানো হয়েছে। এ জন্য প্রকল্পের প্রাক্কলনে অতিরিক্ত ব্যয় ধরা হয়েছে বলেও অভিযোগ করা হয়।
তাঁদের দাবি, নির্মাণকাজে সাত লাখ ঘনফুট মাটির প্রয়োজন হলেও প্রাক্কলনে ৫৬ লাখ ঘনফুট মাটি দেখানো হয়েছে। এ ছাড়া সাব-ঠিকাদারদের যোগসাজশে প্রকল্পে ব্যাপক অনিয়ম হচ্ছে এবং উত্তোলিত বিলের অর্থ সড়ক বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তি ও ঠিকাদারের প্রতিনিধিরা ভাগাভাগি করে নিচ্ছেন।
বিএনপির অভিযোগ, ইতোমধ্যে প্রকল্পের বিপরীতে প্রায় ৩৮ কোটি টাকার বিল উত্তোলন করা হয়েছে, যার মধ্যে লুটপাটের ঘটনা ঘটেছে। জনগণের সামনে প্রকল্পের প্রাক্কলিত ব্যয়ের তথ্যসংবলিত কোনো সাইনবোর্ডও প্রদর্শন করা হয়নি বলে দাবি দলটির।
জেলা বিএনপির পাঁচ দফা দাবি
সংবাদ সম্মেলনে প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য পাঁচ দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো
1. প্রকল্পের শুরু থেকে দুর্নীতির পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
2. প্রকল্পের প্রকৃত ব্যয় পুনর্মূল্যায়ন করে অতিরিক্ত দেখানো অর্থ দুর্নীতিতে জড়িত ঠিকাদারদের কাছ থেকে উদ্ধার করে সরকারি কোষাগারে জমা দিতে হবে।
3. ইতোমধ্যে সম্পন্ন হওয়া নিম্নমানের কাজ বাতিল করে নকশা অনুযায়ী মানসম্পন্ন নির্মাণসামগ্রী ব্যবহার করে পুনরায় কাজ করতে হবে।
4. সংস্কারকাজে দায়িত্বে অবহেলা ও অনিয়মের সঙ্গে জড়িত সড়ক বিভাগের প্রকৌশলীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে।
5. সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের চলমান সব প্রকল্পের কাজ এবং সেগুলোতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্ত করতে হবে।
সংবাদ সম্মেলনের শেষাংশে জেলা বিএনপির নেতারা বলেন, জনগণের অর্থে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির সুযোগ নেই। প্রকল্পের প্রকৃত চিত্র উদ্ঘাটন এবং সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। এ সময় তাঁরা সংবাদ সম্মেলনে উত্থাপিত বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
লিখিত বক্তব্যে স্বাক্ষর করেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন এবং জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল হক।