খুলনার রুপসা নদী থেকে দুই ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার
, : খুলনার রুপসা উপজেলার আঠারো বাকী নদী সংলগ্ন একটি কলাবাগানের পাশ থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার আইচগাতী ইউনিয়নের চর মোছাব্বরপুর গ্রামের একটি কলা বাগানের উওর দিক থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশ নিহত দুই যুবকের পরিচয় শনাক্ত করেছে। নিহতরা হলেন- রুপসা উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে সোহাগ এবং একই উপজেলার সিংহের চর এলাকার রেজাউল করিম। পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, দুপুরে নদীর তীরবর্তী কলাবাগানের পাশে দুই যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকাতে দেখে স্থানীয়রা তাৎক্ষনিভাবে রুপসা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ দুটি উদ্ধার করে। ঘটনাস্থল থেকে রুপসা থানার উপ- পরিদর্শক ( এসআই) নুর আলম জানান, দুপুরের দিকে খবর পাওয়ার সঙ্গে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং দুজনের লাশ উদ্ধার করেন। হত্যাকান্ডের নেপথ্য কারন অনুসন্ধানের কথা জানিয়ে তিনি আরো বলেন, কী কারনে বা কেন শক্রতার জেরে এই জোড়া হত্যাকান্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতদের বিরুদ্ধে আগে থেকে কোন মামলা ছিল কিনা অথবা তারা কোন অপরাধী বা সন্ত্রাসী চক্রের সঙ্গে যুক্ত ছিলেন কিনা সেবিষয়েও তথ্য সংগ্রহ করা হচ্ছে। তিনি আরো জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।