প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬
খুলনায় জাতীয় যুব দিবস পালিত, ১৬ যুবক-যুবতী পেলেন ঋণের চেক
মোঃ রবিউল হোসেন খান,, ষ্টাফ রিপোর্টার:: ||
খুলনায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। রোববার (১ নভেম্বর) যুব সমাবেশ, আলোচনা সভা, গাছের চারা ও ঋণের চেক বিতরণ এবং বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।এবারের জাতীয় যুব দিবসের প্রতিপাদ্য ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’।দিবসটি উপলক্ষে সকালে যুব উন্নয়ন অধিদপ্তরের খুলনা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ইরুফা সুলতানা।বক্তারা বলেন, যুবকরাই টেকসই বাংলাদেশ বিনির্মাণের প্রধান চালিকাশক্তি। তাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। আগামী দিনে যুবসমাজই দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেবে। এ জন্য যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। দক্ষ মানবসম্পদ তৈরি করা না গেলে প্রত্যাশিত উন্নয়ন অর্জন সম্ভব হবে না।তারা বিদেশের শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি যুবকদের মতামতকে গুরুত্ব দিয়ে অংশগ্রহণমূলক নীতি প্রণয়নের আহ্বান জানান। বক্তারা বলেন, চেষ্টা, অধ্যবসায় ও ইচ্ছাশক্তি থাকলে জীবনে সাফল্য অর্জন সম্ভব। মাদকমুক্ত সমাজ গঠনেও যুবসমাজকে ধৈর্য, সহনশীলতা ও বিনয়ী মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনিসুজ্জামান।খুলনা জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে ১৬ জন যুবক ও যুব নারীর মধ্যে মোট ১৬ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।এদিকে জাতীয় যুব দিবস উপলক্ষে ২ থেকে ৭ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ২ নভেম্বর সকাল ১০টায় যুব ভবনের হলরুমে রক্তদান কর্মসূচি, ৩ নভেম্বর সকাল ১০টায় রচনা প্রতিযোগিতা, ৪ নভেম্বর যুব ভবন চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি এবং ৫ নভেম্বর সকাল ১০টায় যুব ভবনের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ।এ ছাড়া ৬ নভেম্বর সকাল ১০টায় বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ক্রীড়া অনুষ্ঠান এবং ৭ নভেম্বর সকাল ১০টায় যুব ভবন অডিটোরিয়ামে ‘মাদক নিয়ন্ত্রণে যুবসমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত