প্রিন্ট এর তারিখ : ০১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬
পোশাকশ্রমিকদের বিক্ষোভে জরুরি বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
চেকপোস্ট নিউজ, ||
পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান বিক্ষোভ ও শ্রমিক অসন্তোষ নিরসনে জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিস্থিতি মোকাবিলায় সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রী ও উপদেষ্টাদের নিয়ে এ বৈঠকে বসবেন। মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র জানিয়েছে, পোশাক খাতের চলমান অস্থিরতা নিরসনে করণীয় নির্ধারণ করতে ছয় থেকে সাতজন মন্ত্রী ও উপদেষ্টাকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।বৈঠকে অর্থ, স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রীসহ কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রী এবং উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত থাকতে পারেন। মাগরিবের নামাজের পর বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।এর আগে রোববার দুপুর ১টার দিকে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। একই দিন বেলা সাড়ে ১১টার দিকে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পর্যালোচনার জন্য মজুরি বোর্ড গঠন করে সরকার।সূত্র জানায়, শ্রমিক অসন্তোষ মোকাবিলায় প্রধানমন্ত্রী দুই দিন আগেই প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছিলেন। তবে শ্রমিক প্রতিনিধির মনোনীত ব্যক্তির নাম পেতে শ্রম মন্ত্রণালয়ের সময় লাগায় মজুরি বোর্ড গঠনে বিলম্ব হয়।শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, দ্রুততম সময়ের মধ্যে মজুরি বোর্ডের কার্যক্রম শুরু হবে এবং বিষয়টি একটি পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। শ্রমিকদের দাবি ছিল মজুরি বোর্ড গঠন করা। সেটি করা হয়েছে। এখন শ্রমিকরা সড়ক ছেড়ে কারখানায় ফিরে যাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।সাম্প্রতিক শ্রমিক অসন্তোষে রাজনৈতিক সংগঠনের সম্পৃক্ততার অভিযোগও তুলেছেন শ্রমমন্ত্রী। তাঁর দাবি, গত শনিবার ১৫ থেকে ২০ জন ব্যক্তি শ্রমিক পরিচয়ে ঢিল ছুড়েছেন, তাঁরা প্রকৃত শ্রমিক নন। পরিকল্পিতভাবে কয়েকটি রাজনৈতিক সংগঠন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে তিনি মনে করেন।ডিসেম্বরকে সামনে রেখে পরিকল্পিতভাবে শ্রমিক অসন্তোষ তৈরি করা হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে শ্রমমন্ত্রী বলেন, এমনটি হচ্ছে বলে তিনি মনে করেন।তিনি আরও দাবি করেন, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনে নিষিদ্ধঘোষিত একটি ছাত্র সংগঠনের সাংগঠনিক সম্পাদককে শ্রমিকের ছদ্মবেশে অংশ নিতে দেখা গেছে। এ-সংক্রান্ত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশিত হয়েছে বলে জানান তিনি।তবে ওই ছাত্র সংগঠনের নেতার পরিচয় জানতে চাইলে শ্রমমন্ত্রী নির্দিষ্ট কোনো নাম উল্লেখ না করে নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠনের কথা বলেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত