প্রিন্ট এর তারিখ : ০২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬
শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন
মোঃ মিঠুন,, ঝালকাঠি প্রতিনিধি:: ||
শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে হয়রানি ও তদন্ত কমিটি গঠনের প্রতিবাদে ঝালকাঠির রাজাপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষকরা। তাঁর বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ প্রত্যাহার এবং শিক্ষকদের ন্যায্য দাবির পক্ষে কথা বলার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজাপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি এবং এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব।মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সিনিয়র সহসভাপতি ও মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ঝালকাঠি জেলা সভাপতি শাহ মাহমুদ কবির, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহম্মেদ শামিম, রাজাপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল এবং জোটের রাজাপুর উপজেলা সদস্য এমদাদুল হক।এ ছাড়া উপস্থিত ছিলেন মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের রাজাপুর উপজেলা সভাপতি মো. শহিদুল ইসলাম চৌধুরী, সহসভাপতি মো. ছিলল্লুর রহমান, ক্রীড়া সম্পাদক মো. সাইফুল ইসলামসহ মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষক-শিক্ষিকা।মানববন্ধনে বক্তারা বলেন, আগামী ৪ নভেম্বর এমপিওভুক্ত শিক্ষকদের তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অথচ তাঁর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ও নোটিশ দেওয়ার মাধ্যমে হয়রানি এবং আন্দোলনের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে বলে তাঁরা অভিযোগ করেন।বক্তারা আরও বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি নিয়ে কথা বলার কারণে কোনো শিক্ষক নেতাকে হয়রানি করা গ্রহণযোগ্য নয়। এ ধরনের পদক্ষেপ স্বাধীনভাবে মতপ্রকাশ ও অধিকার আদায়ের আন্দোলনে বাধা সৃষ্টি করে।মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ঝালকাঠি জেলা সভাপতি শাহ মাহমুদ কবির বলেন, অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে ভূমিকা রেখে আসছেন। তাঁর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ও নোটিশ প্রদানের মাধ্যমে হয়রানি করা হচ্ছে। অবিলম্বে এসব পদক্ষেপ বন্ধ করতে হবে।সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহম্মেদ শামিম বলেন, ৪ নভেম্বরের অবস্থান কর্মসূচি শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন। কোনো ব্যক্তিকে হয়রানি কিংবা তদন্তের নামে চাপ সৃষ্টি করে এ আন্দোলন দমিয়ে রাখা যাবে না।রাজাপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াদুর রহমান বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। তাঁদের ন্যায্য দাবি নিয়ে কথা বলার কারণে কাউকে হয়রানি করা গ্রহণযোগ্য নয়। অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।মানববন্ধন থেকে অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে হয়রানি বন্ধ, তদন্ত কমিটির নোটিশ প্রত্যাহার এবং শিক্ষকদের ন্যায্য দাবির পক্ষে কথা বলার পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত