খুলনায় কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ছাত্রদলের সাবেক নেতা ও বর্তমান যুবদলকর্মী সোহেল শেখ (৩৬) এবং সালমান (২৩) নামে এক যুবক। সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বটিয়াঘাটায় এবং মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টা ১০ মিনিটের দিকে নগরীর নিরালা আবাসিক এলাকায় এসব ঘটনা ঘটে। দুই ঘটনায়ই আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বটিয়াঘাটা উপজেলার বড় কড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা সড়কে মোটরসাইকেলে বসে ছিলেন সোহেল শেখ। এ সময় দুটি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে তাঁর ডান হাত ও পেটের ডান পাশে গুলি লাগে।
আহত সোহেল বটিয়াঘাটা উপজেলার বড় কড়িয়া এলাকার গনি শেখের ছেলে। তিনি আমিরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি। বর্তমানে তিনি যুবদলের কর্মী হিসেবে পরিচিত।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সার্জারি ইউনিট-১-এর ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে তাঁকে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, খবর পেয়ে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বাইনতলা পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ঘটনাস্থল থেকে পিস্তলের একটি গুলির খোসা উদ্ধার করা হয়। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।
নিরালায় গুলি করে ল্যাপটপের ব্যাগ ছিনতাই
এদিকে মঙ্গলবার সকাল ১১টা ১০ মিনিটের দিকে খুলনা নগরীর নিরালা আবাসিক এলাকার ১৭ নম্বর রোডে সালমান (২৩) নামে এক যুবককে গুলি করে তাঁর ল্যাপটপের ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
আহত সালমান ১৬ নম্বর রোডের বাসিন্দা জাহাঙ্গীরের ছেলে। তিনি ক্যামেল সিগারেট কোম্পানির কর্মচারী হিসেবে কাজ করেন।
স্থানীয়দের ভাষ্য, ১৭ নম্বর রোডে কোম্পানির অফিসের সামনে কাজ করার সময় মোটরসাইকেলে করে তিন যুবক এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তাঁর কাছে থাকা ল্যাপটপের ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।
পরে স্থানীয়রা সালমানকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন বলেন, কী কারণে সালমানকে গুলি করা হয়েছে, তা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
পৃথক দুটি ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের তদন্ত ও অভিযান চলছে।