প্রিন্ট এর তারিখ : ২৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় মাজারের দানবাক্স ভেঙে টাকা ও মালামাল চুরি, ক্ষতি ১ লাখ ৪৫ হাজার টাকা
শরীফ উদ্দিন,, নাসিরনগর, প্রতিনিধি:: ||
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আম্বর আলী শাহ মাজারের মূল ফটকের তালা ভেঙে দানবাক্সের টাকা ও বিভিন্ন মালামাল চুরির অভিযোগ উঠেছে। মাজার পরিচালনা কমিটির দাবি, চুরি হওয়া টাকা ও মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৪৫ হাজার টাকা।মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টা থেকে বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৬টার মধ্যে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের মধ্যনগর এলাকায় অবস্থিত মাজারটিতে এ ঘটনা ঘটে।মাজার পরিচালনা কমিটির সহসভাপতি এটিএম বাক্কী থানায় দেওয়া লিখিত অভিযোগে জানান, মঙ্গলবার রাতে মাজারের ভেতর ও আশপাশের এলাকা ঘুরে দেখে মূল ফটকে তালা লাগিয়ে তিনি চলে যান। বুধবার সকালে মাজারে গিয়ে ফটকের তালা ভাঙা ও সামনের দরজা খোলা দেখতে পান। পরে খোঁজ নিয়ে দানবাক্সের টাকা ও বিভিন্ন মালামাল চুরির বিষয়টি জানতে পারেন।লিখিত অভিযোগ অনুযায়ী, মাজারের দানবাক্স থেকে আনুমানিক এক লাখ টাকা, প্রায় ২০ হাজার টাকা মূল্যের আটটি কাঁসার পাতিল এবং প্রায় ২৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন আসবাবপত্র চুরি হয়েছে। সব মিলিয়ে চুরি হওয়া অর্থ ও মালামালের মূল্য প্রায় ১ লাখ ৪৫ হাজার টাকা।ঘটনার পর আশপাশের এলাকায় খোঁজখবর নিয়েও চুরির সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি মাজার পরিচালনা কমিটি। পরে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে বাঞ্ছারামপুর মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন জানান, মাজারে চুরির ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।এ ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। মাজার পরিচালনা কমিটি চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত