প্রিন্ট এর তারিখ : ০৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬
বানিয়াচংয়ে নিখোঁজের এক মাসেও মীমের সন্ধান নেই, পুলিশের তদন্তে অগ্রগতি কোথায়?
চেকপোস্ট নিউজ:: ||
হবিগঞ্জের বানিয়াচংয়ে নিখোঁজের এক মাস পেরিয়ে গেলেও ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামে এক মাদ্রাসাছাত্রীর সন্ধান মেলেনি। ছোট্ট মেয়েটির কোনো খোঁজ না পেয়ে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে তার পরিবার। মীমকে দ্রুত খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।নিখোঁজ মীম বানিয়াচং উপজেলার ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের চতুরঙ্গ রায়ের পাড়া এলাকার খোয়াজ আলী মিয়ার মেয়ে। সে স্থানীয় দারুল হিকমাহ তালীমুল কুরআন একাডেমির তৃতীয় শ্রেণির ছাত্রী।পরিবার ও স্থানীয় সূত্রে
জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর সহপাঠীদের সঙ্গে মাদ্রাসায় যায় মীম। মাদ্রাসার ছুটি শেষে অন্য শিক্ষার্থীরা বাড়ি ফিরলেও সে আর বাড়িতে ফেরেনি। পরে পরিবারের সদস্যরা মাদ্রাসায় গিয়ে তার বই-খাতা ও ব্যাগ পড়ে
থাকতে দেখেন। এরপর আত্মীয়স্বজন ও আশপাশের বিভিন্ন
স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বানিয়াচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে নিখোঁজের এক মাস পেরিয়ে গেলেও মীমের অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য না পাওয়ায় পরিবারের সদস্যদের উদ্বেগ ক্রমেই বাড়ছে।মাত্র ১০ বছর বয়সী একটি শিশুর এভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারাও। মাদ্রাসায় যাওয়ার পর কীভাবে শিশুটি নিখোঁজ হলো, তার বই-খাতা ও ব্যাগ সেখানে
পড়ে থাকার বিষয়টি এবং নিখোঁজের পেছনে কোনো রহস্য রয়েছে কি না—এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এলাকাবাসীর মধ্যে।স্থানীয়দের দাবি, মীমকে উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হোক। নিখোঁজ হওয়ার ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে দ্রুত শিশুটিকে উদ্ধার এবং নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হোক।এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক বলেন, “বিষয়টা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, এটাই আমাদের কাজ এখন।”
একটি শিশুর নিখোঁজ হওয়ার এক মাস পেরিয়ে গেলেও তার সন্ধান না মেলায় পরিবার ও স্থানীয়দের মধ্যে
উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। সন্তানের ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছে পরিবার। স্বজনদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে মীমের সন্ধান বের করে তাকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত