প্রিন্ট এর তারিখ : ১৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার, শ্রীমঙ্গল সেক্টরে মোতায়েন ৩৪ প্লাটুন বিজিবি
চেকপোস্ট নিউজ:: ||
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সীমান্ত সুরক্ষার পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শ্রীমঙ্গল সেক্টর। এ লক্ষ্যে সেক্টরের আওতাধীন তিনটি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় মোট ৩৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।শনিবার (১৭ অক্টোবর) বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল বিএম তৌহিদ হাসান, এএফডব্লিউসি, পিএসসি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মনতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত ঘিলাতলী জগন্নাথ দেবের আখড়া পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান, বিজিওএম উপস্থিত ছিলেন।পরিদর্শনকালে সেক্টর কমান্ডার পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের প্রস্তুতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। এ সময় পূজামণ্ডপের সভাপতির হাতে বিজিবির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।বিজিবি সূত্রে জানা গেছে, উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইল রিজিয়নের আওতাধীন শ্রীমঙ্গল সেক্টরের ৩৩১ দশমিক ৭ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণ এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।সেক্টর কমান্ডার কর্নেল তৌহিদ হাসান জানান, শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি), বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) ও হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় মোট ২৩৭টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। এর মধ্যে সীমান্তের আট কিলোমিটারের মধ্যে রয়েছে ২০৬টি এবং ইউনিট সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে রয়েছে ৩১টি পূজামণ্ডপ।গত ১৬ অক্টোবর থেকে আগামী ২২ অক্টোবর পর্যন্ত মোতায়েন করা বিজিবি সদস্যরা সীমান্ত সুরক্ষার নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি পূজামণ্ডপের নিরাপত্তায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। নিরাপত্তা নজরদারি আরও জোরদার করতে বিভিন্ন স্থানে অত্যাধুনিক ড্রোন ব্যবহার করা হচ্ছে বলেও জানান তিনি।তিনি আরও বলেন, পূজামণ্ডপের নিরাপত্তার পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।মিডিয়া ব্রিফিংয়ে সেক্টর কমান্ডার জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি দিন-রাত অভিযান পরিচালনা করছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ অক্টোবর পর্যন্ত শ্রীমঙ্গল সেক্টরের আওতাধীন তিনটি ব্যাটালিয়নের অভিযানে ৮৭ কোটি ২৩ লাখ ৯৮ হাজার ১১৪ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, গাঁজা ও অন্যান্য অবৈধ মালামাল আটক করা হয়েছে। এসব অভিযানে মোট ৭৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।কর্নেল তৌহিদ হাসান বলেন, দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের পাশাপাশি জনগণের সচেতনতা, সহযোগিতা ও গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সবাইকে গুজব ও অপপ্রচারে কান না দেওয়ার এবং যাচাই না করে কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানান। পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প অথবা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে অনুরোধ করেন।এদিকে, সারা দেশে ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। এর মধ্যে সীমান্তের আট কিলোমিটারের মধ্যে ১ হাজার ৪২৫টি, ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে ১ হাজার ১১৯টি এবং দুর্গম এলাকায় ১৮৩টি পূজামণ্ডপ রয়েছে। দুর্গম এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে ১৮টি বেইজ ক্যাম্প স্থাপনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়েছে। মাঠপর্যায়ে সমন্বয়ের জন্য ব্যবহার করা হচ্ছে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’।বিজিবি শ্রীমঙ্গল সেক্টর আশা প্রকাশ করেছে, পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবার সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন সম্ভব হবে। পরিশেষে সেক্টর কমান্ডার সনাতন ধর্মাবলম্বী সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সবার সুখ, শান্তি, সমৃদ্ধি ও সম্প্রীতি কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত