প্রিন্ট এর তারিখ : ১৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬
ঝালকাঠির নলছিটিতে শারদীয় দুর্গোৎসবের আমেজ: আর মাত্র কয়েক ঘণ্টা পর দেবীর বোধন
মোঃ মিঠুন,, ঝালকাঠি প্রতিনিধি:: ||
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ২০২৬-এর আনন্দ আর মাত্র কয়েক ঘণ্টা পরেই ছড়িয়ে পড়বে ঘরে ঘরে। আজ শুক্রবার, মহাষষ্ঠী তিথিতে দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এই উৎসব। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার প্রতিটি পূজা মণ্ডপে এখন উৎসবের আমেজ তুঙ্গে।উপজেলার মণ্ডপগুলোতে প্রতিমা তৈরি ও সাজসজ্জার শেষ মুহূর্তের কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। মৃৎশিল্পীরা তাদের তুলির শেষ আঁচড়ে ফুটিয়ে তুলেছেন দেবী দুর্গার অপরূপ রূপ। ঢাকের আওয়াজ, শঙ্খধ্বনি আর ধূপের সুবাসে মুখরিত হতে প্রস্তুত নলছিটির আকাশ-বাতাস।কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনের প্রস্তুতি:উৎসবকে নির্বিঘ্ন করতে নলছিটি উপজেলার প্রতিটি পূজা মণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে ঢেলে সাজানো হয়েছে পুরো নিরাপত্তা বলয়। এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল জামান জানান, "পূজাকে কেন্দ্র করে প্রতিটি মণ্ডপে সর্বদা কঠোর নিরাপত্তা দেওয়া হবে। যেকোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা কঠোর হস্তে দমন করা হবে এবং কোনো অবস্থাতেই কোনো নাশকতা করতে দেওয়া হবে না। শান্তিশৃঙ্খলা রক্ষায় প্রশাসন সর্বদা তৎপর রয়েছে।স্থানীয় পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর নলছিটি পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। অশুভ শক্তির বিনাশ এবং কল্যাণময়ী শক্তির আবাহনে সনাতন ধর্মাবলম্বীদের মনে চলছে এক অনাবিল আনন্দ ও উদ্দীপনা। মা দুর্গার আগমনকে কেন্দ্র করে প্রতিটি সনাতন ধর্মাবলম্বী পরিবারে চলছে অতিথি আপ্যায়ন আর নতুন পোশাকে উৎসব উদযাপনের শেষ মুহূর্তের প্রস্তুতি।নলছিটির স্থানীয় বাসিন্দারা জানান, এই উৎসব কেবল কোনো নির্দিষ্ট ধর্মের নয়, বরং এটি অসাম্প্রদায়িক বাংলার এক মহা মিলনমেলা। সব ধর্মের মানুষ মিলেমিশে এই উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন। আগামী বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এই পাঁচ দিনব্যাপী মহোৎসব।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত