প্রিন্ট এর তারিখ : ১৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬
পশ্চিম তীরে অবৈধ বসতি বন্ধ করুন, ইসরায়েলকে চীনের কড়া বার্তা
চেকপোস্ট নিউজ, ||
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছে চীন। একই সঙ্গে এসব বসতি প্রত্যাহার এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশের পথ পুরোপুরি খুলে দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে বেইজিং।শুক্রবার (১৬ অক্টোবর) প্রকাশিত চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ অবস্থানের কথা জানানো হয়।বিবৃতি অনুযায়ী, আজারবাইজানে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, জোরপূর্বক বসতি স্থাপন বন্ধ করার পাশাপাশি এসব বসতি প্রত্যাহার করা উচিত।দ্বি-রাষ্ট্রীয় সমাধানে জোর চীনেরচীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, ফিলিস্তিন সংকট সমাধানে দ্বি-রাষ্ট্রীয় সমাধানই সঠিক পথ। দীর্ঘদিন ধরে ফিলিস্তিন প্রশ্নকে চীন ঐতিহাসিক অবিচারের বিষয় হিসেবে বিবেচনা করে আসছে বলেও তিনি উল্লেখ করেন।ওয়াং ই আরও বলেন, গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশের পথ সম্পূর্ণ খুলে দেওয়া এখন সবচেয়ে জরুরি। এর মাধ্যমে সম্ভাব্য মানবিক বিপর্যয় মোকাবিলা করা সম্ভব হবে।সংলাপ ও রাজনৈতিক সমাধানের আহ্বানচীন আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে আগ্রহী, যাতে সংশ্লিষ্ট সব পক্ষ দ্রুত সংলাপে ফিরে আসে এবং সংকটের রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে পারে বিবৃতিতে এমন অবস্থান তুলে ধরা হয়েছে।চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিশেষ প্রতিনিধি হিসেবে ওয়াং ই আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত এশিয়ায় পারস্পরিক যোগাযোগ ও আস্থা-নির্মাণবিষয়ক সম্মেলনের সপ্তম শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন।ফিলিস্তিন সংকট, পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ এবং গাজার মানবিক পরিস্থিতি নিয়ে চীনের এই বক্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক আলোচনায় নতুন করে গুরুত্ব পেয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত