প্রিন্ট এর তারিখ : ১৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬
লিবিয়া থেকে ইউরোপযাত্রায় বিপদ, মিশর থেকে ফিরলেন ৪১ বাংলাদেশি
চেকপোস্ট নিউজ, ||
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অনিয়মিত পথে ইউরোপে যাওয়ার সময় বিপদে পড়ে উদ্ধার হওয়া আরও ৪১ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার (মিশরের স্থানীয় সময় অনুযায়ী) পোর্টসাইদে আটক এসব বাংলাদেশিকে তৃতীয় ধাপে প্রত্যাবাসন করা হয়। এর আগে গত ৪ অক্টোবর ছয়জন এবং ৬ অক্টোবর আরও ১১ জনকে দেশে ফেরত পাঠানো হয়। সব মিলিয়ে এ পর্যন্ত ৫৮ বাংলাদেশির প্রত্যাবাসন সম্পন্ন হয়েছে।মিশরে বাংলাদেশ দূতাবাসের শ্রম উইং সূত্রে জানা যায়, মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে এসব বাংলাদেশি লিবিয়ার তবরুক থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অনিয়মিতভাবে ইউরোপে প্রবেশের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। পথে সাগরে বিপদে পড়লে তাঁদের উদ্ধার করে মিশরের পোর্টসাইদে নেওয়া হয়।দুটি বাণিজ্যিক জাহাজে উদ্ধার ৫৮ বাংলাদেশিদূতাবাসের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া ৫৮ বাংলাদেশির মধ্যে ৫৫ জনকে ‘কিংস্টন’ (KINGSTON) নামের একটি বাণিজ্যিক জাহাজ এবং বাকি তিনজনকে ‘এমএসসি ভার্জিনিয়া’ (MSC VIRGINIA) নামের আরেকটি বাণিজ্যিক জাহাজ উদ্ধার করে।উদ্ধার হওয়া বাংলাদেশিদের শারীরিক অবস্থা, সমুদ্রযাত্রা ও উদ্ধারের বিষয়ে তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় আইনগত ও কনস্যুলার সহায়তা দিতে গত ৩ অক্টোবর পোর্টসাইদ কারাগার পরিদর্শন করেন বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা।আইওএমের সহায়তায় দেশে প্রত্যাবাসনবাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মিশরীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তাঁদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) অর্থায়নে তাঁদের বিমান টিকিটের ব্যবস্থা করা হয়।দূতাবাস জানিয়েছে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অনিয়মিত পথে ইউরোপে প্রবেশের ঝুঁকি সম্পর্কে বাংলাদেশি নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে মানবপাচারকারী ও অবৈধ অভিবাসনে সহায়তাকারী চক্রের প্রলোভন থেকে নাগরিকদের দূরে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ইউরোপযাত্রাউন্নত জীবনের আশায় অনেক বাংলাদেশি মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেন। কিন্তু এ ধরনের যাত্রায় উত্তাল সমুদ্র, অনিরাপদ নৌযান, খাবার ও পানির সংকট এবং পাচারকারীদের প্রতারণার কারণে প্রাণহানির আশঙ্কা থাকে।সংশ্লিষ্টদের মতে, বিদেশে যাওয়ার ক্ষেত্রে প্রলোভননির্ভর ও অনিয়মিত পথ পরিহার করে বৈধ অভিবাসন প্রক্রিয়া অনুসরণ করা জরুরি। এতে মানবপাচার ও প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি কমানো সম্ভব।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত