প্রিন্ট এর তারিখ : ১২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬
সৈয়দপুরে দায়িত্বরতকালে বিদ্যুৎকর্মী হায়দারের মৃত্যু
শাহজাহান আলী মনন,, নীলফামারী প্রতিনিধি:: ||
নীলফামারীর সৈয়দপুরে দায়িত্ব পালন করার সময় মই থেকে পড়ে একজন বিদ্যুৎকর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বেলা ১২ টার দিকে নিয়ামতপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সৈয়দপুর-দিনাজপুর সড়কের পাশে ইউনিক অটো রাইস মিলের সামনে এই দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম হায়দার আলী (৪৭)। তিনি নর্দার্ন ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (নেসকো) এর সৈয়দপুর সরবরাহ ও বিতরণ কেন্দ্রের কর্ম সহযোগী (হেলপার) ছিলেন। সৈয়দপুর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মেইন গেটের বিপরীতে সৈয়দপুর-নীলফামারী সড়ক সংলগ্ন ওয়াপদা নতুনহাট এলাকার মৃত জোনাব আলীর ছেলে। জানা যায়, ইউনিক অটো রাইস মিলের সামনের বৈদ্যুতিক ট্রান্সফরমারের সংযোগ সমস্যার সৃষ্টি হয়। এতে অফিসের নির্দেশে সেখানে এলটি লাগানোর জন্য মিস্ত্রি রাশেদের সাথে সহযোগী হিসেবে কাজ করতে যান। রাশেদ মইয়ের মাথায় উঠে কাজ করার সময় তাকে তার কাটার যন্ত্র পৌঁছে দিতে একই মই বেয়ে উঠেন হায়দার। মাঝামাঝি গিয়ে তিনি হঠাৎ মই থেকে নিচে রাস্তার উপর পড়ে যান। এতে মাথায় প্রচন্ড আঘাত পান। এমতাবস্থায় রাশেদ ও আশপাশের লোকজন দ্রুত তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান হাসপাতালে আসার আগেই হায়দার মারা গেছেন। এব্যাপারে নেসকো সৈয়দপুর শাখার নির্বাহী প্রকৌশলী আলিমুল ইসলাম সেলিম বলেন, হায়দার আলী ঠিকাদার কর্তৃক নিয়োজিত লাইন হেলপার ছিলেন। কাজ করার সময় ওই লাইন সম্পূর্ণ সাটডাউন করা ছিল। তাছাড়া তিনি নিচেই ছিলেন এবং উপরে কর্মরত মিস্ত্রি রাশেদকে প্রয়োজনীয় যন্ত্রপাতি পৌঁছে দিয়ে সহযোগিতা করছিলেন। এভাবেই একটা যন্ত্র দিতে গিয়ে মইয়ের মাঝখান থেকেই তিনি পড়ে যান। মূলত: উপর থেকে শক্ত সড়কের উপর পড়ে যাওয়ায় মাথায় গুরুতর আঘাতের কারণেই তিনি মারা গেছেন। তবে কি কারণে তিনি ওভাবে পড়ে গেছেন তা একমাত্র আল্লাহই ভালো জানেন। আমরা তার মৃত্যুতে শোকাভিভূত। মৃত হায়দার আলী স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ ভাই বোন আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং লাশ দেখতে বাড়িতে সর্বস্তরের লোকজনের ভিড় জমেছে। সোমবার বাদ এশা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত