প্রিন্ট এর তারিখ : ০৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬
হাটুরিয়ায় ভেলা বাইচের ফাইনাল ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
আবুজর গিফারী,, পাবনা প্রতিনিধি:: ||
পাবনার বেড়া উপজেলায় মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী 'ভেলা বাইচ প্রতিযোগিতা-২০২৬'-এর ফাইনাল ম্যাচ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৯ অক্টোবর) বিকাল ৩টায় হাটুরিয়া দক্ষিণপাড়া যুব সমাজের উদ্যোগে বেড়া উপজেলার হাটুরিয়া দক্ষিণপাড়া ধলাই বিলে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে সাজসজ্জা করা একাধিক ভেলা অংশ নেয়। রোমাঞ্চকর এ ভেলা বাইচ দেখতে বিলের দুই পাড়ে জমে ওঠে দূর-দূরান্ত থেকে আসা বিপুল সংখ্যক নারী-পুরুষ ও দর্শকের ভিড়। অনেকে ছোট ছোট ডিঙ্গি নৌকা নিয়ে বিলের মাঝে গিয়ে বাইচের আনন্দ উপভোগ করেন। প্রতিযোগিতা শেষে ধলাই বিল পাড়েই আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মো. নূরাল আলী প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নূর মোহাম্মদ চাঁদ প্রামানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম প্রামানিক। অনুষ্ঠানটির সার্বিক সৌজন্যে ও তত্ত্বাবধানে ছিলেন মো. আশরাফুল আলম প্রামানিক। এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। খেলার মাঝে বিভিন্ন নৌকায় যেমন খুশি তেমন সাজো পর্বে বাংলাদেশের ঐতিহ্যের নিদর্শন সম্বলিত সাংস্কৃতিক প্রদর্শনীয় চলতে থাকে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত