প্রিন্ট এর তারিখ : ০৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬
দেশের সব খামারিকে কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
রবিউল হোসেন খান,, স্টাফ রিপোর্টার, খুলনা:: ||
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের সব খামারিকে কৃষক কার্ডের আওতায় আনা হবে। হাঁস-মুরগির খামার আধুনিকায়নের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি করা সরকারের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্যে হাঁসের প্রজনন খামারের সক্ষমতা বাড়াতে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে।বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে খুলনার দৌলতপুর আঞ্চলিক হাঁস প্রজনন খামার পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, প্রান্তিক পর্যায়ে খামারের সংখ্যা বাড়ানো গেলে একদিকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, অন্যদিকে দেশের অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের তরুণ জনগোষ্ঠীকে কৃষি ও খামারভিত্তিক উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারলে বেকারত্ব কমানোর পাশাপাশি খাদ্যনিরাপত্তা আরও সুদৃঢ় হবে।তরুণ উদ্যোক্তাদের খামার স্থাপনে উৎসাহিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।এ সময় জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেন, খুলনার বিভিন্ন মিল-কারখানা বন্ধ হয়ে যাওয়ায় বেকারত্বের সমস্যা বেড়েছে। সরকার পাটকলগুলো বেসরকারি ব্যবস্থাপনায় লিজ দিয়েছে। এর ফলে নতুন করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং বেকারত্ব কমবে।তিনি বলেন, লিজগ্রহীতা প্রতিষ্ঠানগুলো সরকারের সঙ্গে করা প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিষ্ঠান পরিচালনা করতে ব্যর্থ হলে সরকার পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।এ সময় খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত, দৌলতপুর আঞ্চলিক হাঁস প্রজনন খামারের উপপরিচালক মো. রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এর আগে প্রতিমন্ত্রী আঞ্চলিক হাঁস প্রজনন খামার চত্বরে বৃক্ষরোপণ করেন। পরে খালিশপুর ওয়ান্ডারল্যান্ড পার্ক সংলগ্ন ঝিল পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। বিকেলে তিনি রূপসা উপজেলার জাবুসা এলাকার টোটাল সি ফুড প্রসেসিং ফ্যাক্টরি পরিদর্শন করেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত