প্রিন্ট এর তারিখ : ০৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬
সন্ত্রাস-মাদকে জিরো টলারেন্সের হুঁশিয়ারি হুইপ বকুলের
মো: রবিউল হোসেন খান,, ষ্টাফ রিপোর্টার, খুলনা:: ||
এলাকার শান্তি ও আইনশৃঙ্খলা বিনষ্টকারী যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।বুধবার (৭ অক্টোবর) দুপুরে নগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিমপাড়া এলাকায় পশ্চিমপাড়া সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে গরিব ও অসহায় মানুষের মধ্যে মশারি ও মশা নিধন যন্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।হুইপ বকুল বলেন, জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।তিনি বলেন, “আমরা শান্তিতে বাড়িতে ঘুমাতে চাই। আমাদের শান্তিতে ঘুমানোর জন্য কী কী ব্যবস্থা নেওয়া দরকার, সেটা আইনশৃঙ্খলা বাহিনীকে করতে হবে। এটি তাদের দায়িত্ব।”আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সমস্যা থাকলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর আহ্বান জানিয়ে হুইপ বলেন, জনগণও প্রয়োজনীয় সহযোগিতা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পাশে থাকবে। তবে দায়িত্ব পালনে অবহেলার কারণে এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হলে সংশ্লিষ্টদের দায় নিতে হবে।সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দিয়ে তিনি বলেন, এলাকার শান্তি বিনষ্টকারী যে-ই হোক, যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়ে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করা হবে।দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে রকিবুল ইসলাম বকুল বলেন, অতীতে সন্ত্রাস ও নানা অপকর্মের সঙ্গে জড়িত অনেকেই বিভিন্ন কৌশলে রাজনৈতিক দলে প্রবেশের চেষ্টা করছে। এ বিষয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে। কেউ কোনো দুষ্কৃতকারীকে প্রশ্রয় দিলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম মুর্শিদ কামাল ও সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিমপাড়া সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা আঃ সাত্তার মোল্যা।এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রধান অতিথি ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে গরিব ও অসহায় মানুষের মধ্যে মশারি ও মশা নিধন যন্ত্র বিতরণ করেন। পাশাপাশি ডেঙ্গুর বিস্তার রোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ ছাড়া স্থানীয় বিভিন্ন সমস্যা ও উন্নয়ন নিয়েও আলোচনা হয়। এলাকাবাসীর পক্ষ থেকে রাস্তাঘাটের উন্নয়ন, খেলার মাঠ সংরক্ষণ ও মসজিদের উন্নয়নসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত