প্রিন্ট এর তারিখ : ০৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬ পেলেন সাংবাদিক নাঈম আবির
চেকপোস্ট নিউজ, ||
পর্যটন সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’ পেয়েছেন এভিয়েশন ও পর্যটনবিষয়ক সাংবাদিক নাঈম আবির।পর্যটন শিল্পের সম্ভাবনা, চ্যালেঞ্জ, নীতি ও উন্নয়ন নিয়ে ধারাবাহিক ও তথ্যভিত্তিক সাংবাদিকতার জন্য ‘সেরা পর্যটন সাংবাদিকতা’ ক্যাটাগরিতে তাকে এ পুরস্কার দেওয়া হয়।শনিবার (৩ অক্টোবর) বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে নাঈম আবিরের হাতে পুরস্কার তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।বাংলাদেশের পর্যটন শিল্পের টেকসই উন্নয়ন, সেবার মানোন্নয়ন, উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং পর্যটন উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে প্রথমবারের মতো এ পুরস্কার দেওয়া হচ্ছে।নাঈম আবির দীর্ঘদিন ধরে দেশের পর্যটন, বিমান চলাচল, হোটেল-রিসোর্ট, অভিবাসন ও ভ্রমণ খাত নিয়ে সাংবাদিকতা করছেন। তার প্রতিবেদনে পর্যটন শিল্পের সম্ভাবনার পাশাপাশি অবকাঠামোগত সীমাবদ্ধতা, নীতিগত জটিলতা, যাত্রী ও পর্যটকদের বিভিন্ন সমস্যা এবং সংশ্লিষ্টদের মতামত উঠে এসেছে।বর্তমানে স্টার নিউজের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত নাঈম আবির পর্যটন ও এভিয়েশন খাতের পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্ক ও অর্থনৈতিক বিষয়েও সাংবাদিকতা করছেন। তিনি ভ্রমণবিষয়ক ডিজিটাল মিডিয়া ‘চেক ইন’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় নাঈম আবির বলেন, পর্যটন সাংবাদিকতার মতো বিশেষায়িত ক্ষেত্রে রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া তার জন্য আনন্দ ও গর্বের। এই স্বীকৃতি ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সাংবাদিকতায় তাকে অনুপ্রাণিত করবে বলেও জানান তিনি।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে দেওয়া ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’-এ পর্যটন খাতের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তি, প্রতিষ্ঠান, উদ্যোক্তা ও সংগঠনকে মোট ১৩টি ক্যাটাগরিতে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব ক্যাটাগরির মধ্যে রয়েছে পর্যটন উদ্যোক্তা, ট্যুর অপারেটর, হোটেল, বিনোদন পার্ক, তরুণ পর্যটন উদ্যোক্তা, ট্রাভেল কনটেন্ট ক্রিয়েটর, পর্যটন নারী উদ্যোক্তা, ট্যুর গাইড, মাইস উদ্যোগ এবং সেরা পর্যটন সাংবাদিকতা।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত