প্রিন্ট এর তারিখ : ০৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬
ডেঙ্গু রোধে ডিএনসিসির অভিযান, ফুটপাত দখলে কড়া বার্তা
চেকপোস্ট নিউজ, ||
নগরবাসীকে সঙ্গে নিয়ে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা নিশ্চিত এবং ফুটপাত পুনর্দখল ঠেকাতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কাজ করছে বলে জানিয়েছেন সংস্থার প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।শনিবার (৩ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউতে ডেঙ্গু মশার লার্ভা ধ্বংস ও সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ডিএনসিসি।ডিএনসিসি প্রশাসক জানান, গত তিন মাস ধরে প্রতি শনিবার পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বাড়াতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এর মূল লক্ষ্য ডেঙ্গুর প্রাদুর্ভাব কমানো এবং ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগর হিসেবে গড়ে তোলা।তিনি বলেন, ডিএনসিসির স্বাস্থ্য কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটরা সরকারি ভবন, বাসাবাড়ি এবং পরিত্যক্ত স্থানে অভিযান চালিয়ে এডিস মশার লার্ভা শনাক্ত ও ধ্বংস করছেন। পাশাপাশি নগরবাসীকে নিজেদের বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।ডিএনসিসি এলাকায় বর্তমানে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা তুলনামূলকভাবে কম বলে জানান প্রশাসক। বিভিন্ন হাসপাতালে প্রায় ৮০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।নগরবাসী ও সিটি করপোরেশনের সম্মিলিত সচেতনতার মাধ্যমে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা শূন্যে নামিয়ে আনা সম্ভব বলে আশা প্রকাশ করেন তিনি।সরকার ঘোষিত ৯০ দিনের বিশেষ কর্মসূচির আওতায় স্থানীয় হাউজিং সোসাইটি, মালিক সমিতি ও ব্যবসায়ী সংগঠনের সঙ্গে নিয়মিত মতবিনিময় করছে ডিএনসিসি।ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে শফিকুল ইসলাম খান বলেন, ডিএনসিসির ১০ নম্বর এলাকার হোপ মার্কেটের সামনে দীর্ঘদিনের অবৈধ দখল থেকে ফুটপাত উদ্ধার করা হয়েছে। জনসাধারণের চলাচলের সুবিধায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।উদ্ধার করা ফুটপাত যাতে আবার দখল না হয়, সে জন্য স্থানীয় জনগণ, ডিএনসিসি ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে।শহরের পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণ ও সামগ্রিক উন্নয়নে গণমাধ্যমসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন ডিএনসিসি প্রশাসক।
অভিযানে ডিএনসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, রেড ক্রিসেন্ট ও বিডি ক্লিনের স্বেচ্ছাসেবক এবং তেজগাঁও, মোহাম্মদপুর, ইন্দিরা রোড ও রাজাবাজার এলাকার বাসিন্দারা অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত