প্রিন্ট এর তারিখ : ০৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬
মৃতের জন্য কাঁদলে কি কবরে আজাব হয়? জানালেন শায়খ আহমাদুল্লাহ
চেকপোস্ট নিউজ, ||
প্রিয়জন হারানোর বেদনায় কান্না মানুষের স্বাভাবিক অনুভূতি। ইসলামে মৃত ব্যক্তির জন্য চোখের পানি ফেলা নিষিদ্ধ নয়। তবে বিলাপ, চিৎকার, গালে চপেটাঘাত বা কাপড় ছেঁড়ার মতো আচরণ নিষিদ্ধ বলে জানিয়েছেন ইসলামি স্কলাররা।হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) তাঁর ছেলে ইবরাহিমের মৃত্যুর সময় কেঁদেছিলেন। তাঁর চোখ দিয়ে অশ্রু ঝরেছিল। তিনি কান্নাকে রহমত ও দয়ার প্রকাশ হিসেবে উল্লেখ করেন। (সহিহ বুখারি, হাদিস: ১২২৫)অন্যদিকে মৃতের জন্য উচ্চস্বরে বিলাপ করা, গালে চপেটাঘাত করা এবং জামাকাপড় ছেঁড়ার ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা এসেছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি গালে চপেটাঘাত করে, জামাকাপড় ছেঁড়ে এবং জাহেলি যুগের মতো বিলাপ করে, সে তাঁর আদর্শের অনুসারী নয়। (সহিহ বুখারি, হাদিস: ১২৯৪)ইমাম নববি (রহ.)-এর উদ্ধৃতি অনুযায়ী, বিলাপ, গালে চড় মারা, জামাকাপড় ছেঁড়া, চেহারায় আঘাত করা এবং চুল ছেঁড়ার মতো আচরণ হারাম।আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেন, মৃত ব্যক্তির জন্য বেদনায় কান্না করা বা চোখের পানি ফেলা নিষিদ্ধ নয়। তবে শরিয়তের সীমা অতিক্রম করে বিকট শব্দে বা বিলাপ করে কান্না করা থেকে বিরত থাকতে হবে।তিনি আরও বলেন, কোনো ব্যক্তি জীবদ্দশায় জানতেন যে মৃত্যুর পর তাঁর স্বজনরা তাঁর জন্য বিলাপ করবে এবং তিনি তাদের তা থেকে বিরত না করলে, এ বিষয়ে হাদিসে মৃত ব্যক্তির আজাবের কথা এসেছে। তবে এমন পরিস্থিতি না হলে শুধু স্বজনদের কান্নার কারণে মৃত ব্যক্তির আজাব হবে এ কথা বলা যায় না। যারা বিলাপ করবে, তাদের জন্য তা গুনাহের কাজ হবে।
তাই ইসলামের দৃষ্টিতে স্বাভাবিক শোক, কান্না ও চোখের পানি এক বিষয়; আর বিলাপ, চিৎকার ও শরিয়তবিরোধী আচরণ ভিন্ন বিষয়। প্রিয়জনের মৃত্যুতে ধৈর্য ধারণ করে মৃতের জন্য দোয়া ও ইস্তিগফার করাই উত্তম।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত