প্রিন্ট এর তারিখ : ০১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬
এআই-রোবটিক্সে তরুণদের পাশে সরকার: প্রধানমন্ত্রী
চেকপোস্ট নিউজ, ||
ঢাকা, ৩০ সেপ্টেম্বর ২০২৬: দেশীয় উদ্ভাবন ও প্রযুক্তিগত সক্ষমতা জোরদারে তরুণ প্রযুক্তিবিদদের এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্স গবেষণায় নীতিগত সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এ তথ্য জানিয়েছেন। বুধবার সন্ধ্যায় রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) মিলনায়তনে ‘নিপ্পন এআই ডো জো ২০২৬’-এর প্রকল্প উপস্থাপন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।জহির উদ্দিন স্বপন বলেন, বিশ্বমানের প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি বাংলাদেশের বাস্তব চাহিদা অনুযায়ী এআই প্ল্যাটফর্ম, ডেটাসেট ও প্রোগ্রামিং তৈরিতে তরুণ প্রযুক্তিবিদদের গবেষণার গভীরতা বাড়াতে হবে। কোন ক্ষেত্রে কীভাবে এআইয়ের কার্যকর প্রয়োগ করা যায়, সে বিষয়ে পথনকশা ও সমাধান প্রযুক্তি বিশেষজ্ঞদের কাছ থেকেই আসতে হবে বলেও তিনি উল্লেখ করেন।তিনি বলেন, এআই এখন শুধু গবেষণাগারে সীমাবদ্ধ নেই; কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, ম্যানুফ্যাকচারিং ও ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন খাতে এর ব্যবহার বাড়ছে। কৃষি ও স্বাস্থ্যসেবার প্রযুক্তিগত ঘাটতি পূরণেও এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।তবে স্থানীয় অবকাঠামোর সীমাবদ্ধতার বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি পর্যাপ্ত বিদ্যুৎ, জিপিইউ সক্ষমতা ও সমৃদ্ধ বাংলা ডেটাসেটের ঘাটতি মোকাবিলায় গবেষণার ওপর গুরুত্ব দেন।অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিন-ইচি, প্রধানমন্ত্রীর যুব দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী সাইয়েদ আবদুল্লাহ, ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আবু সাঈদ এম. আহমেদসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সমাপনী পর্বে ইউএপি, ব্র্যাক ইউনিভার্সিটি ও নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রশিক্ষণার্থীরা বিভিন্ন বাস্তবমুখী এআই প্রকল্প উপস্থাপন করেন। পরে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য প্রশিক্ষণার্থীদের সনদ ও সম্মাননা দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত