প্রিন্ট এর তারিখ : ০২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬
হুইপ বকুলের কণ্ঠ নকল করে সাড়ে ৩ কোটি টাকা প্রতারণার মামলায় আরোও দুজন গ্রেফতার, ১ জন রিমান্ডে
রবিউল হোসেন খান,, স্টাফ রিপোর্টার, খুলনা:: ||
খুলনা -৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলের কণ্ঠ নকল করে ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে ৩ কোটি আত্মসাতের মামলায় আরোও দু'জনকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতার ঔই দুজন হলেন, মেহেদী হাসান ওরফে বাবুল ওরফে কাগজী বাবু ও মোঃ ইমরান শরিফ রনি। গত ১৮ সেপ্টেম্বর রাতে তাদেরকে ৫৪ ধারায় গ্রেফতার করে পুলিশ। পরদিন আদালতে তোলা হলে তাদের কারাগারে প্রেরণ করা হয়। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মোঃ আসাদুর রহমান জামান শুনানি শেষে ওই দুইজনকে মামলায় অন্তভূক্তির আদেশ দেন। এ মামলায় অপর আসামি মোঃ সোহেলকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তা ৭ দিনের আবেদন করলে একই আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। খুলনা থানার জিআরও এসআই প্রদীপ কুমার বলেন, সোমবার তদন্ত কর্মকর্তা এসআই সাইদুর রহমান মামলায় তাদের দুজনকে অন্তভুক্তি করার জন্য আবেদন করলে গতকাল মঙ্গলবার মঞ্জুর করেন আদালত। তিনি আরো বলেন, তদন্ত কর্মকর্তা অপর আসামি মো: সোহেলকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের আবেদন করলে দু' দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। প্রতারণার এ মামলায় এ পর্যন্ত ৫ জন গ্রেফতার হয়েছেন। তারা হলেন- এজাজ আহমেদ রাজা, মোঃ সোহেল, জাকিয়া সুলতানা, মেহেদী হাসান ওরফে বাবুল ওরফে কাগজী বাবু ও মোঃ ইমরান শরিফ রনি। উল্লেখ্য, খালিশপুর প্লাটিনাম জুবলী জুট মিলের পুরাতন যন্ত্রাংশ বিক্রির কথা বলে হুইপ রকিবুল ইসলাম বকুলের কণ্ঠ নকল করে খুলনার ব্যবসায়ী জিএম আজিজুর রহমানের কাছ থেকে সাড়ে ৩ কোটি টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। এঘটনায় ঔই ব্যবসায়ী ১৮ সেপ্টেম্বর খুলনা সদর থানায় দুইজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৪-৫ ব্যাক্তিকে আসামি করে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেন। এ পর্যন্ত এ মামলায় ১২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত