প্রিন্ট এর তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়নে শাহী মসজিদ ভাঙাকে কেন্দ্র করে রণক্ষেত্র
চেকপোস্ট নিউজ, ||
ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়নে ২০২৮ সালের সিংহস্থ কুম্ভমেলার প্রস্তুতিতে রাস্তা সম্প্রসারণকে কেন্দ্র করে ঐতিহাসিক শাহী মসজিদের অংশ অপসারণ নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মসজিদের নির্ধারিত অংশ অপসারণের কাজ শুরু হলে স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। উজ্জয়নের কাঁথাল চৌরাহা থেকে গোপাল মন্দির পর্যন্ত সড়কটি ১৫ মিটার প্রশস্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রশাসনের ভাষ্য, ২০২৮ সালের সিংহস্থ কুম্ভে বিপুলসংখ্যক মানুষের সমাগম এবং যানবাহন চলাচল নির্বিঘ্ন করতেই এ উন্নয়নকাজ করা হচ্ছে। মসজিদ কর্তৃপক্ষ ও স্থানীয় মুসলিম বাসিন্দাদের একটি অংশ এর বিরোধিতা করে বিকল্প নকশা বা অন্য পাশের স্থাপনা সরিয়ে রাস্তা সম্প্রসারণের দাবি জানিয়ে আসছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে মসজিদটি প্রায় ৬৩৬ বছরের পুরোনো বলে স্থানীয়দের দাবি উল্লেখ করা হয়েছে। এ নিয়ে করা আবেদনে মসজিদটি ওয়াকফ সম্পত্তি এবং ধর্মীয় স্থাপনা হওয়ায় এর অংশ অপসারণে সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হবে বলে যুক্তি দেওয়া হয়েছিল। তবে ৯ সেপ্টেম্বর মধ্যপ্রদেশ হাইকোর্টের ইন্দোর বেঞ্চ আবেদন খারিজ করে। আদালত জানায়, রাস্তা সম্প্রসারণের ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে এবং একই সড়কে আরও কয়েকটি ধর্মীয় স্থাপনার অংশ অপসারণের তথ্যও বিবেচনায় নেওয়া হয়েছে। সোমবার মসজিদের অংশ অপসারণের কাজ শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ, পাথর নিক্ষেপ এবং কাঁদানে গ্যাস ব্যবহারের খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্স (RAF) সদস্য মোতায়েন করা হয়েছে।
সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, মসজিদের নির্ধারিত অংশ অপসারণের কাজ চলমান রয়েছে এবং মসজিদ কমিটির সম্মতিতেই কাজটি এগোচ্ছে বলে পুলিশ জানিয়েছে। একই সঙ্গে উত্তেজনা ছড়ানোর অভিযোগে কয়েকজনকে আটক এবং মামলা করার কথাও জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত