প্রিন্ট এর তারিখ : ২৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬
সৈয়দপুরে ৩০০ জনের মিনি ম্যারাথন, স্বাস্থ্য সচেতনতায় দৌড়
শাহজাহান আলী মনন, , সৈয়দপুর প্রতিনিধি:: ||
স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা নিয়ে নীলফামারীর সৈয়দপুরে অনুষ্ঠিত হয়েছে মিনি ম্যারাথন দৌড়। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার কুন্দল এলাকার রংধনু পার্ক থেকে এ দৌড় শুরু হয়।‘শরীরচর্চা হোক প্রতিদিনের অভ্যাস’ ও ‘মাদককে না বলি, সুস্থ জীবন গড়ি’ এই দুই স্লোগানকে সামনে রেখে মর্নিং হেলথ ক্লাব সৈয়দপুর এ আয়োজন করে। এতে বিভিন্ন বয়সী প্রায় ৩০০ জন অংশ নেন।মিনি ম্যারাথনে অংশগ্রহণকারীদের জন্য ৯ কিলোমিটার, ৭.৫ কিলোমিটার, ৩ কিলোমিটার এবং ১ কিলোমিটার কিডস ফান রান এই চারটি ক্যাটাগরি রাখা হয়।নির্ধারিত সময়ের মধ্যে দৌড় শেষ করা বিজয়ীদের জন্য ছিল পুরস্কার ও সম্মাননা। ৯ কিলোমিটার ক্যাটাগরিতে প্রথম থেকে ষষ্ঠ, ৭.৫ কিলোমিটারে প্রথম থেকে চতুর্থ এবং ৩ কিলোমিটারে প্রথম থেকে তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয়। এছাড়া ১ কিলোমিটার কিডস রানে প্রথম থেকে তৃতীয় স্থান অর্জনকারীদের জন্যও ছিল পুরস্কার।দৌড়বিদদের জন্য রানিং টি-শার্ট, ফিনিশার মেডেল, বিশেষ দৌড়বিদদের জন্য ক্রেস্ট, খাবার ও জুসের ব্যবস্থা করা হয়। পাশাপাশি রানিং ট্র্যাকে হাইড্রেশন ও মেডিকেল সাপোর্টও রাখা হয়েছিল।অংশগ্রহণকারী সৈয়দপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলজার হোসেন বলেন, এ ধরনের আয়োজন মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি এবং শরীরচর্চার প্রতি আগ্রহ বাড়াতে কার্যকর ভূমিকা রাখে। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনেও এ ধরনের কার্যক্রম সহায়ক হবে।আয়োজকদের মধ্যে সৈয়দপুর রাজনৈতিক জেলা কৃষক দলের সভাপতি মাজহারুল ইসলাম বসুনিয়া মিজু বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে শরীরচর্চার মাধ্যমে সুস্বাস্থ্যের প্রতি উৎসাহিত করতেই এ আয়োজন। ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।নীলফামারী জেলা কার-পিকআপ মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাইয়ুম খান ডলফিন জানান, মর্নিং হেলথ ক্লাবের আয়োজন দেখে তারাও এমন উদ্যোগ নেওয়ার কথা ভাবছেন। অচিরেই সৈয়দপুর রেলওয়ে মাঠ থেকে নাইট ফুটবল ক্লাবের পক্ষ থেকে এমন আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, সৈয়দপুরে গত কয়েক বছর ধরে বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডা. কামরুল হাসান সোহেল-এর উদ্যোগে সৈয়দপুর রানার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে শীতকালীন হাফ ম্যারাথন অনুষ্ঠিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এবার আয়োজিত হলো মিনি ম্যারাথন, যা স্বাস্থ্য সচেতন মানুষের মধ্যে সাড়া ফেলেছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত