প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬
দ্বি-রাষ্ট্রীয় সমাধান ধূলিসাৎ হতে দেওয়া যাবে না: গুতেরেস
চেকপোস্ট নিউজ, ||
ফিলিস্তিন ও ইসরায়েলের দীর্ঘদিনের সংকট সমাধানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের পথ চোখের সামনে বিলীন হতে দেওয়া যাবে না বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সাধারণ বিতর্কের উদ্বোধনী ভাষণে তিনি এ আহ্বান জানান। ৮১তম সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক ২২ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। গুতেরেস বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় যে মাত্রার হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ হয়েছে, তা মহাসচিব হিসেবে তাঁর দায়িত্ব পালনের সময়ে দেখা পরিস্থিতিগুলোর মধ্যে নজিরবিহীন।অধিকৃত পশ্চিম তীরের পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানান তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, সেখানে সহিংসতা, বাস্তুচ্যুতি ও বসতি সম্প্রসারণ শান্তির সম্ভাবনাকে আরও ক্ষতিগ্রস্ত করছে এবং জাতিগত নির্মূলের আশঙ্কা বাড়াচ্ছে। জাতিসংঘ মহাসচিব বলেন, দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে চোখের সামনে ধূলিসাৎ হতে দেওয়া যাবে না। তাঁর এ বক্তব্যের পর সাধারণ পরিষদের অধিবেশনকক্ষে উপস্থিত বিশ্বনেতারা করতালি দেন।মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসানে যুদ্ধ বন্ধ, মানবিক সহায়তা পৌঁছানো এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানান গুতেরেস। এর আগে ১৬ সেপ্টেম্বর ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের আগে এক সংবাদ সম্মেলনেও গুতেরেস বলেছিলেন, গাজার শান্তি পরিকল্পনা বাস্তবায়ন এবং পশ্চিম তীরে সংযুক্তিকরণমূলক পদক্ষেপ বন্ধ করা জরুরি। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে শান্তির জন্য দ্বি-রাষ্ট্রীয় সমাধানের প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেন তিনি। এদিকে জাতিসংঘ মহাসচিব হিসেবে গুতেরেসের দ্বিতীয় পাঁচ বছরের মেয়াদ চলতি বছরের শেষে শেষ হচ্ছে। সাধারণ পরিষদে তাঁর শেষ ভাষণের পর উপস্থিত বিশ্বনেতারা দাঁড়িয়ে তাঁকে অভিবাদন জানান।
গুতেরেস বলেন, মহাসচিবের দায়িত্বে না থাকলেও তিনি শান্তি, মানব মর্যাদা, আন্তর্জাতিক আইনের শাসন এবং জাতিসংঘ সনদের মূল্যবোধের পক্ষে কাজ করে যাবেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত