প্রিন্ট এর তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬
কমলনগরে ৫ বছরের শিশুর মৃত্যু ঘিরে রহস্য: পরিকল্পিত হত্যার অভিযোগ বাবার, মায়ের পরিবারের দাবি পানিতে ডুবে মৃত্যু
বাবুল হোসাইন,, লক্ষীপুর প্রতিনিধি:: ||
লক্ষ্মীপুরের কমলনগরে নুসরাত জাহান আলিফা (৫) নামের এক শিশুর পানিতে ডুবে মৃত্যুকে কেন্দ্র করে রহস্যের সৃষ্টি হয়েছে। পারিবারিক কলহের জেরে নিজের মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন শিশুটির বাবা। তবে মায়ের পরিবারের দাবি, শিশুটি দুর্ঘটনাবশত পানিতে ডুবে মারা গেছে। পরস্পরবিরোধী এমন পাল্টাপাল্টি অভিযোগে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেকের নির্দেশে শিশুটির ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। সোমবার লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।নিহত নুসরাত জাহান আলিফা কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া ইউনিয়নের দিদার হোসেনের মেয়ে। তার মা মর্জিনা আক্তারের বাবার বাড়ি একই উপজেলার চর কাদিরিয়া ইউনিয়নের কিল্লার রোড চৌকিদার বাড়ি এলাকায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে দিদার হোসেনের সঙ্গে মর্জিনা আক্তারের বিয়ে হয়। ব্যবসার কারণে দিদার বেশিরভাগ সময় ঢাকায় অবস্থান করতেন। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক নানা বিষয় নিয়ে বিরোধ চলছিল। এর জেরে মর্জিনা শিশু নুসরাতকে নিয়ে বাবার বাড়িতে চলে যান।শিশুটির বাবা দিদার হোসেনের অভিযোগ, গত শনিবার ফোনে স্ত্রীর সঙ্গে তার তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মর্জিনা সন্তানকে মেরে ফেলার হুমকি দেন। এর পরদিন রবিবার বিকেলে তিনি মেয়ের পানিতে ডুবে মৃত্যুর খবর পান। দিদারের দাবি, শিশুটির নাক-মুখ দিয়ে রক্ত বের হওয়ার আলামত দেখে এটি স্বাভাবিক মৃত্যু নয় বলে তার সন্দেহ হয়। তার অভিযোগ, মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।তবে শিশুটির মায়ের পরিবারের পক্ষ থেকে এ অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, শিশুটি খেলার ছলে পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে মারা গেছে।এদিকে বিষয়টি গণমাধ্যমকর্মীদের মাধ্যমে লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেকের নজরে এলে তিনি ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে দেখার নির্দেশ দেন। তার নির্দেশনায় কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম ময়নাতদন্তের প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেন।সোমবার লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মরদেহ শিশুটির বাবার কাছে হস্তান্তর করা হয়। পরে মাগরিবের নামাজের পর চর জাঙ্গালিয়া ইউনিয়নের একটি মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।এ বিষয়ে পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত