হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৫৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ছোট পিকআপ (ঢাকা মেট্রো-ন-১২-২১-১৩) জব্দ করা হয়।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে র্যাব-৯-এর এসআরবি মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর রেলক্রসিংয়ের পাশে চেকপোস্ট স্থাপন করে।
এ সময় মাধবপুর উপজেলা থেকে শায়েস্তাগঞ্জের দিকে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় একটি পিকআপকে থামার সংকেত দেওয়া হয়। পিকআপটি থামানোর পর এর ভেতরে থাকা এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
পরে পিকআপটিতে তল্লাশি চালিয়ে এর বডির ভেতরে লুকিয়ে রাখা তিনটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলোর ভেতর নীল রঙের পলিথিনের ওপর খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৫৫ কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় গাঁজাসহ পিকআপটি জব্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন—হবিগঞ্জের মাধবপুর উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে মোঃ রুবেল মিয়া (৩০)।
র্যাব-৯ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল মিয়া তেলিয়াপাড়া চা বাগানসংলগ্ন সীমান্তবর্তী ভারতীয় এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে পিকআপে করে নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন।
র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দ করা আলামত শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।