প্রিন্ট এর তারিখ : ০১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬
সৌদি আরব রক্ষায় ‘যে কোনো পর্যায়ে’ যাবে পাকিস্তান
চেকপোস্ট নিউজ, ||
মিত্র সৌদি আরবের নিরাপত্তা রক্ষায় ‘যে কোনো পর্যায়ে’ যাওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান। দেশটির সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, সৌদি আরবকে কূটনৈতিক ও শারীরি‘ দুইভাবেই সমর্থন করবে ইসলামাবাদ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী এ কথা বলেন।তিনি বলেন, সৌদি আরব ও মক্কা-মদিনার পবিত্র স্থানগুলোর নিরাপত্তার জন্য পাকিস্তান প্রয়োজন অনুযায়ী যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত। একই সঙ্গে সৌদি আরবের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের ক্ষেত্রে পাকিস্তানের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান তিনি। পাকিস্তানের এই বক্তব্য এসেছে ইয়েমেনের হুতি বাহিনীর সঙ্গে সৌদি আরবের চলমান উত্তেজনার মধ্যে। সাম্প্রতিক সময়ে সৌদি আরবকে লক্ষ্য করে হুতি হামলার খবর পাওয়া গেছে। সৌদি কর্তৃপক্ষ মক্কার কাছে একটি ড্রোন হামলা প্রতিহত করার দাবিও করেছে; তবে হুতিরা মক্কাকে লক্ষ্য করার অভিযোগ অস্বীকার করেছে। আহমেদ শরীফ চৌধুরী বলেন, পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সৌদি নেতৃত্বের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। পাশাপাশি আঞ্চলিক দেশগুলোর সঙ্গে আলোচনা করে চলমান সংকটের শান্তিপূর্ণ ও আলোচনাভিত্তিক সমাধানের চেষ্টা করা হচ্ছে। সম্প্রতি পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট প্রতিরক্ষা চুক্তিগুলোর বাস্তবায়নে ইসলামাবাদ প্রতিশ্রুতিবদ্ধ; তবে কখন, কীভাবে এবং কোথায় সামরিক শক্তি ব্যবহার করা হবে, সেটি কার্যকরী ও গোপনীয় সিদ্ধান্তের বিষয়।
এদিকে পাকিস্তান সৌদি আরবের নিরাপত্তা নিয়ে কূটনৈতিক তৎপরতাও চালিয়ে যাচ্ছে। দেশটি আঞ্চলিক উত্তেজনা কমিয়ে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের ওপর জোর দিচ্ছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত