প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬
কুবির ইংরেজি বিভাগে ২১তম উইকেন্ড প্রোগ্রামের নবীনবরণ অনুষ্ঠিত
শাহাবুদ্দীন শিহাব, , কুবি প্রতিনিধি:: ||
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের আয়োজনে এমএ (উইকেন্ড প্রোগ্রাম) এর ২১তম আবর্তনের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৮ সেপ্টেম্বর ) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শ্রেণিকক্ষে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়। ইংরেজি বিভাগের এমএ (উইকেন্ড প্রোগ্রাম) এর ২০তম আবর্তনের শিক্ষার্থী মো. মমিন উল্লাহ্ যুব ও মাইশা হক নোভার সঞ্চালনায় পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। পরবর্তীতে নবীন শিক্ষার্থীদেরকে ফুল ও ব্যাগ দিয়ে বরণ করে নেওয়া হয়। ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহা. হাবিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উইকেন্ড মাস্টার্স কমিটির প্রোগ্রাম ডিরেক্টর সহযোগী অধ্যাপক মো: আবুল হায়াত, সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক মো: হারুন ও সহকারী অধ্যাপক শারমিন সুলতানা। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ ও নবীন আবর্তনের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে উইকেন্ড মাস্টার্স কমিটির প্রোগ্রাম ডিরেক্টর সহযোগী অধ্যাপক মো: আবুল হায়াত বলেন, “আপনারা এখন এই বিভাগের অংশ। আমাদের বিভাগের কিছু নিয়ম-কানুন ও নীতিমালা রয়েছে। আপনারা সেগুলো যথাযথভাবে এবং কঠোরভাবে মেনে চলবেন।সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মগুলোর একটি হলো পরীক্ষায় কোনো ধরনের অসাধু উপায় অবলম্বন করা যাবে না। আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে, টাকা দিলেই একটি সার্টিফিকেট পেয়ে যাবেন। বিষয়টি মোটেও এমন নয়। আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে এবং নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করতে হবে।”তিনি আরও বলেন, “এই পৃথিবী একটি উন্মুক্ত বইয়ের মতো। এই উন্মুক্ত বই থেকে শেখার চেষ্টা করবেন এবং দেশের কল্যাণে আপনাদের অর্জিত জ্ঞান ছড়িয়ে দিবেন।”সভাপতির বক্তব্যে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহা: হাবিবুর রহমান বলেন, “এই অনুষ্ঠানের স্লোগান হলো ‘আজকের নবীন, আগামী দিনের অর্জনকারী’। এই বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগ অত্যন্ত মর্যাদাপূর্ণ বিভাগ। সেই বিভাগে ২১তম আবর্তনের শিক্ষার্থীদের স্বাগত জানাই। ইংরেজি প্রোগ্রামের মূলত দুটি দিক রয়েছে- একটি হলো সাহিত্য এবং অন্যটি ভাষা। তাই আপনাদের অবশ্যই সাহিত্য শিখতে হবে এবং সাহিত্য পড়তে হবে। সাহিত্যের দুটি উদ্দেশ্য রয়েছে- একটি হলো শিক্ষা দেওয়া এবং অন্যটি আনন্দ দেওয়া। তাই, আপনাদের জ্ঞান অর্জন করতে হবে এবং ইংরেজি ভাষা শিক্ষাদানের বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে।”নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “এই পৃথিবীতে টিকে থাকার জন্য আমাদের কিছু হাতিয়ার প্রয়োজন। সাহিত্য থেকে অর্জিত জ্ঞান, অন্তর্দৃষ্টি ও বিভিন্ন পরামর্শ থেকে অর্জিত দক্ষতা এসবই হবে পৃথিবীতে টিকে থাকার জন্য আপনাদের প্রয়োজনীয় হাতিয়ার। আপনারা যখন এই বিভাগে ভর্তি হয়েছেন, তখন একসময় আপনারা এই বিভাগের সার্টিফিকেটও অর্জন করবেন। কিন্তু এই বিভাগের উদ্দেশ্য শুধু একটি সার্টিফিকেট দেওয়া নয়। এই বিভাগ আপনাদের জ্ঞান, অন্তর্দৃষ্টি এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতে চায়।”
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত