প্রিন্ট এর তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইসিকে কমেডি সেন্টার নয়, আস্থার কেন্দ্র চান জনগণ: পাটওয়ারী
চেকপোস্ট নিউজ, ||
নির্বাচন কমিশনকে (ইসি) ‘কমেডি সেন্টার’ নয়, বরং জনগণের আস্থার কেন্দ্র হিসেবে দেখতে চান বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।পাটওয়ারী বলেন, নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা ও নিরপেক্ষতা অক্ষুণ্ন রাখা জরুরি। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে একের পর এক পরস্পরবিরোধী ও বিভ্রান্তিকর বক্তব্য জনমনে অপ্রয়োজনীয় প্রশ্ন তৈরি করছে।তিনি উল্লেখ করেন, একদিকে স্থানীয় নির্বাচন নিয়ে সম্ভাব্য সময়সূচির কথা বলা হচ্ছে, অন্যদিকে সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। আবার নির্বাচন কমিশনের পক্ষ থেকেও বলা হচ্ছে, নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এনসিপির এই নেতা আরও বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। তাই কমিশনের বক্তব্য একক, স্পষ্ট, সমন্বিত ও তথ্যভিত্তিক হওয়া উচিত।
পাটওয়ারীর ভাষ্য, জনগণের আস্থা নিয়ে কোনো ধরনের অস্পষ্টতা কাম্য নয়। তার মতে, নির্বাচন কমিশনকে ‘কমেডি সেন্টার’ নয়, আস্থার কেন্দ্র হিসেবেই দেখতে চায় জনগণ।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত