প্রিন্ট এর তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে দলীয় সুপারিশে সিট বন্ধসহ শিবিরের ৮ দাবি
চেকপোস্ট নিউজ, ||
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলগুলোতে রাজনৈতিক পরিচয়, দলীয় সুপারিশ ও প্রশাসনিক প্রভাবের ভিত্তিতে সিট বরাদ্দ বন্ধসহ আট দফা দাবি জানিয়েছে ইসলামী ছাত্রশিবিরের ইবি শাখা।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বটতলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনটির নেতারা।শাখা শিবিরের সভাপতি ইউসুফ আলী, সেক্রেটারি রাশেদুল রাফিস, প্রচার সম্পাদক শোয়াইব আহমেদ ও আইন সম্পাদক ফরহাদ রেজা ওসামাসহ সংগঠনের নেতাকর্মীরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।শিবিরের দাবিগুলোর মধ্যে রয়েছে— আবাসিক হলগুলোতে অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থীদের অপসারণ, মেধা ও জ্যেষ্ঠতাসহ নির্ধারিত নীতিমালা অনুসরণ করে সিট বরাদ্দ, বরাদ্দকৃত সিটের তালিকা প্রকাশ এবং হল ও ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ।এ ছাড়া রাজনৈতিক অপচর্চামুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, হলের ডাইনিংয়ে সুষম খাবার ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা এবং সাজিদ আব্দুল্লাহ ও শিক্ষিকা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবিও জানিয়েছে সংগঠনটি।সংবাদ সম্মেলনে শাখা শিবিরের সভাপতি ইউসুফ আলী অভিযোগ করেন, অধিকাংশ আবাসিক হলে নির্ধারিত সময়ে সিট বরাদ্দ দেওয়া হচ্ছে না। সীমিত পরিসরে যে সিট বরাদ্দ দেওয়া হচ্ছে, সেখানেও বৈষম্য করা হচ্ছে। তার অভিযোগ, ছাত্রদলের দেওয়া তালিকা অনুযায়ী সিট বরাদ্দ দেওয়া হচ্ছে।তিনি আরও অভিযোগ করেন, জিয়া হলে ছাত্রদলের এক নেতা দীর্ঘদিন ধরে অবৈধভাবে অবস্থান করছেন। অন্যান্য হলেও শিক্ষার্থীরা অবৈধভাবে অবস্থান করছেন বলে দাবি করেন তিনি।ইউসুফ আলী বলেন, আবাসিক হল কোনো রাজনৈতিক দলের অবৈধ প্রভাব বিস্তার কিংবা দলীয় লোকজনকে নিয়মবহির্ভূতভাবে আশ্রয় দেওয়ার জায়গা হতে পারে না। একজন শিক্ষার্থীর জন্য হলের সিট তার অধিকার। মেধা, জ্যেষ্ঠতাসহ নির্ধারিত সব নীতিমালা অনুসরণ করে সেই অধিকার নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।তিনি আরও বলেন, ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণের মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শিবিরের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তিনি।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত