প্রিন্ট এর তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা মূল্যায়নে সমস্যা ছিল: শিক্ষামন্ত্রী
চেকপোস্ট নিউজ, ||
এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে সমস্যা ছিল বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, পুনঃমূল্যায়নের পর নতুন করে ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এ ঘটনায় খাতা মূল্যায়নের মান নিয়ে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। শিক্ষাবৃত্তি ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, পুনঃমূল্যায়নের পর নতুন করে এত শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার ঘটনা প্রমাণ করে খাতা মূল্যায়নে সমস্যা ছিল। যেসব পরীক্ষক খাতা যথাযথভাবে মূল্যায়ন করেননি, তাদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে।তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের উচ্চশিক্ষার একটি বড় অংশের দায়িত্ব পালন করছে। বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার মান নিশ্চিত করা গেলে দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।শিক্ষামন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো নিয়মিত পরিদর্শন, শিক্ষার মান যাচাই এবং আয়-ব্যয়ের অডিট নিশ্চিত করার নির্দেশ দেন।জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। স্বাগত বক্তব্য দেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর লুৎফর রহমান।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী জিন্নাহ, ট্রেজারার প্রফেসর মো. নাজমুল হোসাইন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ অন্যরা।বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্নাতক (পাস), স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ে ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা ছয় বছরে সেরা ফলাফল অর্জনকারী ৩৭টি কলেজের ৫৭ জন কৃতী শিক্ষার্থীকে ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে। প্রত্যেক অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা সনদ, ক্রেস্ট ও ২৫ হাজার টাকা করে আর্থিক প্রণোদনা দেওয়া হয়।এ ছাড়া ২০২৪ ও ২০২৫ সালের জন্য নির্বাচিত ১ হাজার ৫২৫টি কলেজের মোট ৪ হাজার ৯২১ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত