প্রিন্ট এর তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬
সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান
রবিউল হোসেন খান,, স্টাফ রিপোর্টার, খুলনা:: ||
সন্ত্রাস নির্মূলে সরকার কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা ক্রসফায়ারের পথে যাবে না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, অপরাধীদের আইনের আওতায় আনতে প্রয়োজন হলে বিদ্যমান আইনগুলোকে আরও কঠোর ও যুগোপযোগী করা হবে।সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।আইনমন্ত্রী বলেন, “আইন প্রয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তবে ক্রসফায়ারের মতো বিতর্কিত কোনো পথ বেছে নেওয়া হবে না। অপরাধীদের প্রচলিত আইনের মাধ্যমেই বিচারের মুখোমুখি করা হবে।”তিনি সীমান্ত দিয়ে মাদক প্রবেশের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, পাশ্ববর্তী দেশ থেকে পরিকল্পিতভাবে মাদকের চালান প্রবেশ করানো হচ্ছে। সীমান্তের ওপারে বসে ইয়াবা কারবারিরা নানা পরিকল্পনা করছে। সাম্প্রতিক সময়ে ড্রোনের মাধ্যমেও বিভিন্ন স্থানে মাদক সরবরাহের তথ্য পাওয়া যাচ্ছে।মন্ত্রী বলেন, মাদক সমস্যা এখন শুধু কোনো নির্দিষ্ট এলাকার নয়, এটি গোটা দেশের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মাদক নিয়ন্ত্রণে সারাদেশে ডোপ টেস্টের ওপর সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।তিনি প্রশাসনের কর্মকর্তাদের আইন প্রয়োগের ক্ষেত্রে পেশাদারিত্ব ও কঠোর নজরদারি বজায় রাখার নির্দেশ দেন।খুলনার রূপসা ঘাটে নদী পারাপারে অতিরিক্ত চাঁদা আদায় ও চাঁদাবাজির অভিযোগে ক্ষোভ প্রকাশ করে তিনি তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেন। মন্ত্রী বলেন, গুটিকয়েক রাজনৈতিক বা ক্ষমতাধর ব্যক্তির স্বার্থ রক্ষায় সরকার কোনো বদনাম নিজের ঘাড়ে নেবে না। তার দলের কেউ জড়িত থাকলেও ছাড় দেওয়া হবে না। তবে জনগণকে কোনো ধরনের দুর্ভোগে ফেলা যাবে না।জামিন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগ স্বাধীন এবং সরকার বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ করতে চায় না। কাউকে জামিন দেওয়ার জন্য টেলিফোন করা হলে সেটি বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হবে। তবে প্রচলিত আইনি প্রক্রিয়ার মধ্যে থেকে জামিনের বিরোধিতা করার ক্ষেত্রে সরকারি কৌশলীরা প্রয়োজনীয় ভূমিকা পালন করবেন।সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, কোনো মামলায় পাবলিক প্রসিকিউটরের কার্যালয় মৃদু আপত্তি জানালে বা আপত্তি না তুললে সাংবাদিকরা তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করবেন। মন্ত্রী ও সংসদ সদস্যদের কেউ সুশাসনবিরোধী কাজে জড়িত থাকলে সাংবাদিকরা সুনির্দিষ্ট তথ্য দিয়ে প্রতিবেদন করবেন। এ ক্ষেত্রে কোনো আপস করা হবে না।সাইবার আইন সংশোধনের উদ্যোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, তথ্য, মিথ্যা তথ্য, বিভ্রান্তিকর তথ্য, অপতথ্য ও মানহানিকর তথ্য নিয়ে আইনি বিধান আনার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে প্রধানমন্ত্রী বাকস্বাধীনতার বিষয়টি গুরুত্ব দিয়ে আইনটি আরও যাচাই-বাছাই এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনার নির্দেশ দিয়েছেন।তিনি জানান, এ বিষয়ে গঠিত কমিটি ইতোমধ্যে সম্পাদকদের সঙ্গে বৈঠক করেছে। পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হবে।খুলনা জেলা প্রশাসক মিজ হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান, খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, কেডিএর চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা, জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পী, খুলনা ওয়াসার চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, কেএমপির কমিশনার, জেলা পুলিশ সুপার, র্যাব-৬ অধিনায়কসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সরকারের অগ্রাধিকার। আইনশৃঙ্খলা রক্ষায় “জিরো টলারেন্স” নীতি গ্রহণ করতে হবে। পাশাপাশি বিচারপ্রার্থী জনগণ যেন দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পান, সে বিষয়ে প্রশাসনকে সজাগ থাকার নির্দেশ দেন তিনি।সভায় স্থানীয় প্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা খুলনা জেলার উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং নাগরিক সেবা সম্প্রসারণের বিভিন্ন বিষয় তুলে ধরেন।
এর আগে সকাল ৯টায় আইনমন্ত্রী খুলনা জজ আদালতের সম্মেলন কক্ষে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। জেলা ও দায়রা জজ চান মোহাম্মদ আব্দুল আলীম আল রাজীসহ অন্যান্য বিচারকদের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই সভায় তিনি মামলা দ্রুত নিষ্পত্তি করে আদালতের জট কমানোর আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত