প্রিন্ট এর তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬
বেসরকারি ব্যাংকে নিয়োগে নতুন নিয়ম
চেকপোস্ট নিউজ:: ||
বেসরকারি ব্যাংকের এন্ট্রি লেভেলের পদে নিয়োগে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে লিখিত ও মৌখিক পরীক্ষা ছাড়া প্রবেশিকা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া যাবে না। একই সঙ্গে নিয়োগের পর শিক্ষাগত সনদ যাচাইও বাধ্যতামূলক করা হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। ব্যাংকিং খাতে শৃঙ্খলা, করপোরেট সুশাসন, গ্রাহকের আস্থা এবং মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।নতুন নির্দেশনা অনুযায়ী, যেসব এন্ট্রি লেভেলের পদে পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন হয় না—যেমন ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, সিনিয়র অফিসার, প্রবেশনারি অফিসার, ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার, জুনিয়র অফিসার ও ক্যাশ অফিসার-এসব পদে নিয়োগে স্বচ্ছতা ও সমান সুযোগ নিশ্চিত করতে হবে।নিয়োগ বিজ্ঞপ্তি ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট বা জব পোর্টালের পাশাপাশি অন্তত দুটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করতে হবে।এসব পদে সশরীরে অথবা অনলাইনে নৈর্ব্যক্তিক কিংবা লিখিত পরীক্ষার পাশাপাশি অবশ্যই মৌখিক পরীক্ষা নিতে হবে। পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী যোগ্য প্রার্থীদের নিয়োগ দিতে হবে।অন্যদিকে অভিজ্ঞ প্রার্থীদের উচ্চতর পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রেও অন্তত মৌখিক পরীক্ষাসহ প্রতিযোগিতামূলক পদ্ধতি অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।সনদ যাচাইয়ে কড়াকড়িনতুন নীতিমালায় শিক্ষাগত সনদ যাচাইয়েও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যাংকে যোগদানের এক বছরের মধ্যে নতুন কর্মকর্তা-কর্মচারীদের সর্বশেষ শিক্ষাগত সনদ সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে যাচাই করতে হবে।এ ছাড়া বর্তমানে কর্মরত সব ব্যাংকারের শিক্ষাগত সনদের সত্যতা ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে যাচাই সম্পন্ন করতে হবে।কোনো ব্যাংকার নতুন ব্যাংকে যোগ দেওয়ার সময় আগের প্রতিষ্ঠান থেকে সনদ যাচাইয়ের প্রত্যয়নপত্র বা ছাড়পত্র নিয়ে এলে নতুন করে সনদ যাচাইয়ের প্রয়োজন হবে না।তবে কোনো সনদ ভুয়া বা জাল প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।মানবসম্পদ নীতিমালাতেও নতুন নির্দেশআমানতকারীদের স্বার্থ সুরক্ষা ও ব্যাংকিং খাতের স্থিতিশীলতা নিশ্চিত করতে আগামী বছরের ৩১ মার্চের মধ্যে প্রতিটি ব্যাংককে পরিচালনা পর্ষদ অনুমোদিত যুগোপযোগী মানবসম্পদ ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন বা হালনাগাদ করতে হবে।এই নীতিমালায় নিয়োগ, পদোন্নতি, যৌন হয়রানি প্রতিরোধ, হুইসেল ব্লোয়ার পলিসি, স্বার্থের সংঘাত নিরসনসহ মোট ১৮টি সুনির্দিষ্ট বিষয় অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনার ফলে বেসরকারি ব্যাংকে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, মেধাভিত্তিক প্রতিযোগিতা এবং শিক্ষাগত যোগ্যতার সত্যতা যাচাই আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত