প্রিন্ট এর তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬
‘লংমার্চে গণতন্ত্র বিনষ্টের চেষ্টা’, রিজভীর অভিযোগ
চেকপোস্ট নিউজ, ||
বিরোধী দলের ‘লংমার্চ’ কর্মসূচিকে রাজপথের ষড়যন্ত্র আখ্যা দিয়ে গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।রিজভী বলেন, সংসদে নিজেদের দাবি ও প্রস্তাব তুলে না ধরে বিরোধী দল লংমার্চের কর্মসূচি নিয়ে রাজপথে নেমেছে। সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অশ্রাব্য ও আপত্তিকর বক্তব্য দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।তিনি বলেন, এসব বক্তব্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হলে বিরোধী দল সেটিকে দমন-পীড়ন হিসেবে উপস্থাপন করছে। তার দাবি, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে।জ্বালানি সংকট ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও বিরোধী দলের সমালোচনা করেন রিজভী। তিনি বলেন, সংকট নিয়ে সমালোচনা করা হলেও সমাধানে গঠনমূলক কোনো প্রস্তাব সংসদে দেওয়া হচ্ছে না। বরং রাজপথে আন্দোলনের পথ বেছে নেওয়া হয়েছে।দেশের অর্থনৈতিক পরিস্থিতির বিভিন্ন ইতিবাচক দিক তুলে না ধরে তা আড়াল করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।রিজভী বলেন, বিএনপির পাঁচ দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ব্যবহৃত বিলবোর্ড ও ব্যানার দ্রুত খুলে ফেলার আহ্বান জানান।পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি শ্রদ্ধা রেখে এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত