প্রিন্ট এর তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬
শিশুর গলায় ছুরি, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা: ৩ মাসেও গ্রেপ্তার হয়নি খলিল ডাকাত
লক্ষ্মীপুর প্রতিনিধি, ||
লক্ষ্মীপুরের কমলনগরে গভীর রাতে ঘরে ঢুকে দুই শিশুর গলায় ছুরি ঠেকিয়ে হত্যার হুমকি এবং গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার তিন মাস পেরিয়ে গেলেও প্রধান আসামি মো. খলিল ডাকাতকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মামলার অন্য আসামিও গ্রেপ্তার না হওয়ায় ভুক্তভোগী পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।ঘটনাটি উপজেলার চর কাদিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত ১৭ এপ্রিল গভীর রাতে মো. খলিল ডাকাত (৪০) ও মো. রাজু ডাকাত (২৮) তাদের ঘরে প্রবেশ করেন। এ সময় দুই শিশুর গলায় ছুরি ঠেকিয়ে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা করা হয়।ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে খলিল ডাকাত ও রাজু ডাকাতকে আটক করেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পরে স্থানীয়ভাবে মীমাংসার আশ্বাসে তাদের ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। কিন্তু বিষয়টির কোনো সমাধান না হওয়ায় পরবর্তীতে আইনের আশ্রয় নেন ওই গৃহবধূ।মামলার নথি অনুযায়ী, গত ১০ মে কমলনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩) এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়। মামলায় খলিল ডাকাত ও রাজু ডাকাতকে আসামি করা হয়েছে।তবে মামলা দায়েরের তিন মাস পেরিয়ে গেলেও প্রধান আসামি খলিলকে গ্রেপ্তার করা হয়নি। এতে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।ভুক্তভোগী গৃহবধূ বলেন, তিন মাস ধরে দুই সন্তানকে নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছেন তিনি। আসামিরা গ্রেপ্তার না হওয়ায় তাদের স্বজনরা ভয়ভীতি দেখাচ্ছেন এবং মামলা তুলে নিতে চাপ দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করে আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ওই নারী।স্থানীয়দের অভিযোগ, আসামিরা প্রভাবশালী হওয়ায় তাদের গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি নেই। দীর্ঘ সময়েও প্রধান আসামি গ্রেপ্তার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।তবে পুলিশের দাবি, মামলার আসামিরা ঘটনার পর থেকেই আত্মগোপনে রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী মামলার প্রধান আসামিসহ সব অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা দিতে জেলা পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত