প্রিন্ট এর তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের শেষ সময় বৃহস্পতিবার
চেকপোস্ট নিউজ, ||
আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিতব্য ১৪৪৮ হিজরি (২০২৭) সালের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার সাধারণ নিবন্ধনের সময়সীমা শেষ হচ্ছে আগামী ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)।নির্ধারিত সময়ের মধ্যে দেশের সংশ্লিষ্ট মাদরাসা ও পরীক্ষার্থীদের অনলাইনে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সংস্থার অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৪ আগস্ট থেকে দাওরায়ে হাদিস পরীক্ষার অনলাইন নিবন্ধন কার্যক্রম শুরু হয়। সাধারণ সময়ের মধ্যে নিবন্ধন করতে না পারলে পরবর্তীতে বিলম্ব ফি দিয়ে বর্ধিত সময়ে আবেদন করার সুযোগ থাকবে।বর্ধিত সময় শুরু হবে ৪ সেপ্টেম্বর থেকে, যা চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। তবে ১৩ সেপ্টেম্বরের পর কোনো পরীক্ষার্থীর নিবন্ধন আবেদন আর গ্রহণ করা হবে না।আল-হাইআতুল উলয়ার পক্ষ থেকে দেশের সব দাওরায়ে হাদিস মাদরাসার মুহতামিম, নাজিমে তা‘লীমাত ও অ্যাডমিনদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন কোনো যোগ্য পরীক্ষার্থী নিবন্ধন থেকে বাদ না পড়ে।শেষ মুহূর্তের জটিলতা এড়াতে দ্রুত শিক্ষার্থীদের নিবন্ধন নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
এ ছাড়া সংস্থার অধীনস্থ কওমি শিক্ষাবোর্ডগুলোর দায়িত্বশীলদের নিজ নিজ বোর্ডের আওতাভুক্ত মাদরাসাগুলোকে বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত