প্রিন্ট এর তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরা সদরের তালতলা থেকে উদ্ধারকৃত লাশের পরিচয় মিলেছে,
এম ইদ্রিস আলী, , সাতক্ষীরা প্রতিনিধি:: ||
সাতক্ষীরা সদর উপজেলার তালতলা এলাকা থেকে উদ্ধার করা নারীর মরদেহের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম কহিনুর বেগম (৩৪)।তিনি সাতক্ষীরা সদরের খেলার ডাংগী এলাকার মনসুর আলীর মেয়ে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালতলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ।স্থানীয় সূত্রে জানা যায়, তালতলা গ্রামের এরফান আলীর ছেলে ভ্যানচালক শরিফুল ইসলাম বালু বোঝাই করার সময় মুকুলের রড-সিমেন্টের দোকানের পেছনে গেলে পাশের বিলের পানিতে একটি নারীর মরদেহ দেখতে পান। পরে তিনি বিষয়টি বালু ব্যবসায়ী আলমগীর হোসেনকে জানান।আলমগীর হোসেন ঘটনাস্থলে গিয়ে কালো বোরকা পরিহিত অবস্থায় মরদেহটি পানিতে ভাসতে দেখেন এবং সদর থানা পুলিশকে খবর দেন।খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করা হয়।পুলিশ জানায়, উদ্ধারের পর প্রথমে মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও দেখে নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহের পরিচয় নিশ্চিত করেন।পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, কহিনুর বেগম তালতলা এলাকায় অবস্থিত বিসমিল্লাহ ফুড বেকারিতে কাজ করতেন।সাতক্ষীরা সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত